সৌদি আরবে পতিতাবৃত্তি, প্রবাসী ৬ নারী গ্রেপ্তার

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া নারীরা কোন দেশের নাগরিক, তা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের পর ওই নারীদের হেফাজতে নেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরে প্রয়োজনীয় বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
সামাজিক মূল্যবোধবিরোধী অপরাধ দমন এবং কমিউনিটির নিরাপত্তা জোরদারে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ গ্রেপ্তারও চলমান নিরাপত্তা অভিযানের অংশ।
সৌদি আরবে পতিতাবৃত্তি ও বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক আইনত নিষিদ্ধ। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অপরাধ প্রমাণিত হলে প্রবাসীদের ক্ষেত্রে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির পাশাপাশি সাজা শেষে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও হতে পারে।
তবে গ্রেপ্তার হওয়া ছয় নারীর সম্ভাব্য শাস্তি বা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
