পাঁচ রাজ্যের ভোটে বিজেপির ব্যয় ৫২৯ কোটি, ৫৪ শতাংশই পশ্চিমবঙ্গে

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ব্যয়ের সিংহভাগই গিয়েছে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনে জমা দেওয়া রাজনৈতিক দলগুলির ব্যয়ের হিসাব অনুযায়ী, আসাম, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গ—এই পাঁচ রাজ্যে বিজেপির মোট নির্বাচনী ব্যয় হয়েছে ৫২৯.৩৮ কোটি টাকা। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই খরচ হয়েছে প্রায় ২৮৭ কোটি টাকা যা মোট ব্যয়ের প্রায় ৫৪ শতাংশ।
শুধুমাত্র পশ্চিমবঙ্গে সাধারণ দলীয় প্রচারে বিজেপি ব্যয় করেছে ২১৭.১৬ কোটি টাকা। প্রার্থীদের সঙ্গে সম্পর্কিত খাতে খরচ হয়েছে আরও ৬৯.৮৩ কোটি টাকা, যার মধ্যে ৫৮.৮০ কোটি টাকা সরাসরি প্রার্থীদের দেওয়া হয়েছিল।
এদিকে আসামে দলের ব্যয় ৯৬.২৬ কোটি, কেরালায় ৮২.৬৭ কোটি, তামিলনাড়ুতে ৫১.৫৬ কোটি এবং পুদুচেরিতে ১১.৮৯ কোটি টাকা।
নির্বাচন শেষে বিজেপির জমা দেওয়া হিসাব অনুযায়ী, ওই নির্বাচনী পর্বে দলের আয় ছিল প্রায় ১,৪৯৪ কোটি টাকা। পর্ব শেষে ব্যাংক ও নগদ মিলিয়ে দলের হাতে ছিল ৭,৬৮৯.০৬ কোটি টাকা।
