সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল-উকাইর-আল-উয়ুন সড়কে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে ছিলেন বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে। অন্য গাড়িতে থাকা দুই তরুণও সংঘর্ষে নিহত হন।
পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তাদের দল ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে গাড়ির আকস্মিক গতিপথ পরিবর্তনকে সংঘর্ষের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে। তবে শেষ পর্যন্ত দুর্ঘটনায় নয়জনই মারা যান।
আল-উকাইর-আল-উয়ুন সড়কটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। সড়কটি আল-আহসা গভর্নরেটের বিভিন্ন এলাকার সঙ্গে উপকূলীয় অঞ্চলগুলোর যোগাযোগ স্থাপন করেছে।
