বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, দিলেন জরিমানা

দিল্লির গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয় ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। শুধু আটকেই রাখা হয়নি, তাকে হেনস্তাও করা হয়েছে বলে অভিযোগ করেছে তার দল আম আদমি পার্টি (আপ)। পাশাপাশি ভগবন্ত মানের কাছ থেকে নেওয়া হয়েছে ৫০ হাজার টাকা জরিমানাও। যদিও কী কারণে এই জরিমানা ও দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে রাখা হয়েছিল, তা স্পষ্ট করা হয়নি।
বুধবার (২১ অক্টোবর) ইন্ডিয়ান এক্সেপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির বিমানবন্দরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে আটকে রাখা ও হেনস্তার পর অর্থ জরিমানা করার পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে আপ।
জানা গেছে, সম্প্রতি ফ্রান্স সফরে গিয়েছিলেন ভগবন্ত মান। প্যারিস থেকে ফেরার পরেই দিল্লি বিমানবন্দরে তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ। আপের দাবি, বিমানবন্দরে কর্মকর্তারা স্বীকার করেছেন যে, ‘উপরমহল থেকে মারাত্মক চাপ’ দেওয়া হয়েছে তাদের। তাই ভগবন্তকে আটকানো হয়েছিল। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই আচরণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে অরবিন্দ কেজরিওয়ালের দল।
ভগবন্ত মানের বিদেশ সফরের অনুমতি কেন্দ্র সরকার দিতে চাইছে না বলে আগেই অভিযোগ করেছিল পাঞ্জাব আপ। রাজ্যের দলের মিডিয়া ইনচার্জ বালতেজ পান্নু সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, প্যারিস থেকে ফেরার পর দীর্ঘক্ষণ দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে হয়েছে ভগবন্তকে। তার লাগেজ তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল না। শুধু বলা হচ্ছিল, লাগেজ পরীক্ষা করা হচ্ছে। ঘণ্টা তিনেক পর ব্যাগ হাতে পেয়ে বিমানবন্দর থেকে বেরোতে যান মুখ্যমন্ত্রী।
তিনি আরও অভিযোগ করেন, তখন ছুটে ছুটে এসে বিমানবন্দর কর্মকর্তারা তার পথ আটকান আবার। ৫০ হাজার টাকা জরিমানার চালান তার হাতে ধরানো হয়। ওই কর্মকর্তারাই উপমহলের চাপের কথা ভগবন্তকে জানিয়েছেন।
জরিমানার জন্য কী কারণ দেখানো হয়েছে, তা অবশ্য খোলসা করেনি আপ। ভারতের কেন্দ্র সরকারের বিরুদ্ধে পান্নুর তোপ, ‘কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে কখনও দেশের কোনও বিমানবন্দরে এভাবে অপমানিত হয়েছেন? কখনও তিন ঘণ্টা কোনও মুখ্যমন্ত্রীকে আটকে রাখা হয়েছে? ৫০ হাজার টাকার চালান ধরানো হয়েছে?’
বিষয়টিকে ‘পঞ্জাবের অপমান’ বলে ব্যাখ্যা করেছেন তিনি। আপের দাবি প্রসঙ্গে এখনও সরকার বা প্রশাসনের তরফে কোনও ব্যাখ্যা মেলেনি।
