logo

বারবিকিউ নিয়ে ভাড়াটিয়াকে হেনস্তা, সেই ভারতীয় বংশোদ্ভূত নারী গ্রেপ্তার

গালফ নিউজ
বারবিকিউ নিয়ে ভাড়াটিয়াকে হেনস্তা, সেই ভারতীয় বংশোদ্ভূত নারী গ্রেপ্তার
কানাডায় ভাড়াটিয়াকে হেনস্থা করায় ভারতীয় বংশোদ্ভূত নারী গ্রেপ্তার। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া

কানাডায় ভাড়া বাড়িতে বারবিকিউ করা নিয়ে এক ভাড়াটিয়ার সঙ্গে বিরোধে জড়িয়ে তাকে হেনস্তার অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত নারীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ওই নারীকে ভাড়াটিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতে দেখা যায়।

একপর্যায়ে তিনি অনুমতি ছাড়াই ভাড়াটিয়ার বাসায় প্রবেশ করেন এবং পরে পাথর ছোড়েন। এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, ওই নারীর নাম রাজ তিওয়ানা। তিনি ভারতীয় বংশোদ্ভূত। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঞ্চলের সারে শহরের একটি ভাড়া বাড়ির আঙিনায় বারবিকিউ করাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে গড়ায়।

একাধিক সংবাদমাধ্যমের পৃথক প্রতিবেদন অনুযায়ী, রাজ তিওয়ানা তার ভাড়াটিয়ার বিরুদ্ধে বারবিকিউ করে বাড়ির দেওয়ালে ‘পোড়া দাগ’ ফেলার অভিযোগ তুলে ক্ষুব্ধ হন।

অন্যদিকে ভাড়াটিয়া যুক্তি দেন, দেওয়ালের বাদামি দাগগুলো পুরোনো মরিচার এবং একজন নিয়ম মেনে ভাড়া পরিশোধকারী বাসিন্দা হিসেবে অতিথি ডেকে রাতের খাবার খাওয়ানোর পূর্ণ অধিকার তার রয়েছে।

তর্কাতর্কির একপর্যায়ে তিওয়ানা একটি কাঠ দিয়ে গ্রিল থেকে খাবার ফেলে দেন এবং অনধিকার প্রবেশ করে ঘর থেকে একটি দরজা খুলে নেওয়াসহ চাবি বদলে দেওয়ার অভিযোগ ওঠে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, তিনি ভাড়াটিয়ার ওপর পাথর ছুড়ে মারছেন ও বাধা দেওয়ার চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব ভিডিওর ওপর ভিত্তি করে ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘বুম’ সারে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ নিশ্চিত করে যে, বাড়িওয়ালি রাজ তিওয়ানাকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রটানো গুজবের মতো এই গ্রেপ্তারের সঙ্গে গরুর মাংস রান্না কিংবা ধর্মীয় বা আদর্শগত কোনো বিষয়ের সম্পর্ক নেই; এটি সম্পূর্ণভাবেই বাড়িওয়ালি ও ভাড়াটিয়ার মধ্যে ব্যক্তিগত সম্পত্তিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ।

সারে পুলিশ সার্ভিস উল্লেখ করেছে, ইতোপূর্বে উভয় পক্ষই একাধিকবার পুলিশে ফোন করেছিল এবং বর্তমানে এই ঘটনার অধিকতর তদন্ত চলছে। ওই ফ্ল্যাট থেকে ভাড়াটিয়া পরবর্তীতে অন্যত্র সরে গেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে হুমকি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।