যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটদানের অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয়।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় মেরিল্যান্ড অ্যাটর্নির কার্যালয় এ তথ্য জানায়।
অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ হাচিবুর রহমান (৩৩)। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত একজন বাংলাদেশি নাগরিক। মার্কিন বিচার বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
অভিযোগপত্র দাখিলের বিষয়টি ঘোষণা করেন মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নি কেলি ও. হেইস এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল।
অভিযোগপত্রে বলা হয়েছে, হাচিবুর রহমান জানতেন যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তা সত্ত্বেও তিনি ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দেন। ওই নির্বাচন আংশিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এবং সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল।
তবে অভিযোগপত্র দাখিলের অর্থ এই নয় যে হাচিবুর রহমান দোষী সাব্যস্ত হয়েছেন। পরবর্তী ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযোগের মুখোমুখি ব্যক্তিকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হয়। অভিযোগে দোষী সাব্যস্ত হলে হাচিবুর রহমানের সর্বোচ্চ এক বছর ফেডারেল কারাগারে সাজা হতে পারে।
তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে বাস্তবে দেওয়া সাজা সাধারণত আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজার চেয়ে কম হয়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল সাজা নির্দেশিকা এবং আইনে নির্ধারিত অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের একজন বিচারক তার সাজা নির্ধারণ করবেন।
