আইফোনের কিস্তি মেটাতে না পেরে যমুনায় ঝাঁপ যুবকের

কথায় বলে, শখের তোলা আশি টাকা! আর্থিক সাধ্যে না কুলালেও শখ মেটাতে এখন জনপ্রিয় হয়ে উঠেছে মাসিক কিস্তির ব্যবস্থা। কিস্তিতে শখের পণ্য বা ভ্রমণ করতেই পছন্দ করছেন অনেকেই। ব্যতিক্রম ছিলেন না এক নৃত্যশিক্ষক। মাসিক কিস্তিতে কিনেছিলেন শখের আইফোন।
কিন্তু বিপত্তি বাধে তাতেই। ঋণ পরিশোধ করতে না পেরে এবং ঋণের বোঝা টানতে না পেরে শেষ পর্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। ভারতের দিল্লির দক্ষিণ-পূর্বাঞ্চলে কালিন্দী কুঞ্জ এলাকায় যমুনা নদীতে ঝাঁপ দেন তিনি। তবে পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনাটি গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকের হলেও রোববার (২৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দিল্লি পুলিশ।
জানা যায়, কালিন্দী কুঞ্জ ঘাটের কাছে নদীতে ঝাঁপ দেওয়া ওই ব্যক্তির নাম দীপক কুমার (৩০)। তিনি দিল্লির দক্ষিণ-পূর্বাঞ্চলের ওখলা এলাকার সঞ্জয় কলোনির বাসিন্দা। পেশায় তিনি একজন নাচের শিক্ষক এবং পাশাপাশি মালি হিসেবে বাগান পরিচর্যার কাজও করেন। পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালিন্দী কুঞ্জ এলাকার একটি ঘাট থেকে দীপক কুমার যমুনায় ঝাঁপ দেন। ভোলা ঘাটের কাছে দায়িত্বে থাকা টহল পুলিশ বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে দ্রুত পানিতে ভেসে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে ঘাটে নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদে দীপক পুলিশকে জানান, গত কয়েক মাস ধরে তার আয় মারাত্মকভাবে কমে যায়। ফলে আইফোনের নিয়মিত কিস্তির টাকা শোধ করা অসম্ভব হয়ে পড়েছিল। এই চরম আর্থিক অনটন এবং ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই তিনি আত্মহত্যার মতো ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
ঘটনার পর পুলিশ থানায় নিয়ে দীপক কুমারকে প্রয়োজনীয় কাউন্সেলিং প্রদান করে। পরে তার স্ত্রী ও ভাইকে ডেকে তাদের বুঝিয়ে নিরাপদে দীপককে পরিবারের জিম্মায় বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে আইফোন কিনে না দেওয়ায় পাহাড় থেকে ঝাঁপ দিয়ে এক কিশোর ও তার বাবার আত্মহত্যার মর্মান্তিক ঘটনার পরপরই দিল্লিতে এই ঘটনাটি ঘটল।

