logo

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

রয়টার্স
রয়টার্স
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্মারক জারি করেছে। এতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু ইন্টার্নশিপ বা কাজের অনুমোদনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন হারাতে পারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান।

Advertisement

গত ২৪ আগস্ট জারি করা ওই ফেডারেল স্মারকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর অধীন স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) লক্ষ্য করেছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (সিপিটি) অনুমোদনের সংখ্যা বেড়েছে। এসব অনুমোদনের ক্ষেত্রে কিছু নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, কোনো আন্তর্জাতিক শিক্ষার্থীকে সিপিটির অনুমোদন দেওয়া যাবে শুধু তখনই, যখন সংশ্লিষ্ট প্রশিক্ষণ বা কাজটি তার নির্ধারিত শিক্ষাক্রমের অবিচ্ছেদ্য অংশ হবে।

স্মারকে বলা হয়েছে, এসইভিপির নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে কোনো প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন হারাতে পারে।

এর পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের অনুমোদনের কিছু আবেদন স্থগিত করেছে।

ইউসিএলএর এক মুখপাত্র বলেন, সাম্প্রতিক ফেডারেল নির্দেশনা পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণের সময় ইউসিএলএ কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের কিছু অনুমোদন স্থগিত করেছে।

ইউসি বার্কলের আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক দপ্তর বলেছে, ২৪ আগস্টের স্মারকটি ‘আরও নির্দিষ্ট, আরও সরাসরি এবং এর বিষয়বস্তু আরও বেশি বিধিনিষেধমূলক’।

ফেডারেল সরকার এর আগে আগস্টের মাঝামাঝি সময়েও একটি স্মারক জারি করেছিল।

ইউসি বার্কলের আন্তর্জাতিক দপ্তর জানিয়েছে, ‘অদূর ভবিষ্যতে’ শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কাজের অনুমোদন আর দেওয়া হবে না বলে ধারণা করা হচ্ছে। এসব আন্তর্জাতিক শিক্ষার্থীকে সে অনুযায়ী পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে দপ্তরটি।

তবে দপ্তরটি জানিয়েছে, ‘ডিগ্রির প্রয়োজনীয়তা’ পূরণের জন্য সিপিটির আবেদন স্বাভাবিক নিয়মে প্রক্রিয়া করা হবে। পাশাপাশি ‘ডক্টরাল ডিসার্টেশন’ এবং ‘মাস্টার্স থিসিস রিসার্চ’ সিপিটির আবেদন প্রক্রিয়াও আবার শুরু করা হবে। নতুন ফেডারেল নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রক্রিয়া তৈরির জন্য দপ্তরটি আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করবে।

আইসিইর মূল সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে, এই বিধিমালায় কোনো পরিবর্তন আসেনি। তবে স্কুল ও নিয়োগদাতাদের সতর্ক করে দেওয়া হচ্ছে—প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এই উদার ব্যবস্থার অপব্যবহার আর সহ্য করা হবে না।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের