সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ১৫

সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের আবু কালব গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহত শিশুদের কয়েকজন হামলার সময় ফুটবল খেলছিল। রোববার (১৫ নভেম্বর) চালানো ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুড়ে গেছে একাধিক বাড়িঘর।
সোমবার (১৬ নভেম্বর) এক প্রত্যক্ষদর্শীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। খার্তুম থেকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক আবু কালব গ্রামের এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘আমরা ১৫ জনকে হারিয়েছি। নিহত শিশুদের দুজনের বাবা যুদ্ধের শুরুতেই মারা গিয়েছিলেন। নিহতদের মধ্যে আমার নিজের নয়জন আত্মীয়ও রয়েছেন।’
স্থানীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা কোরদোফান অবজারভেটরি হামলায় ১৫ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্যমতে, হামলার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায় এবং অনেকে আহত হন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার একই এলাকায় দুই দফায় ড্রোন হামলা চালানো হয়। প্রথম দফায় গ্রামের একটি খেলার মাঠ বা উন্মুক্ত স্থানে হামলা হয়, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। দ্বিতীয় দফায় বসতবাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রের দাবি।
এতে হতাহতের পাশাপাশি আবাসিক স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানে দেশটির সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত চলছে। ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এই যুদ্ধ ইতিমধ্যে দেশটিকে ভয়াবহ মানবিক সংকটের মুখে ঠেলে দিয়েছে।
পশ্চিম কোরদোফানসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সেনাবাহিনী আরএসএফের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলের চেষ্টা করছে। অন্যদিকে, সংঘাতের কারণে বেসামরিক মানুষের নিরাপত্তা, খাদ্য সরবরাহ ও চিকিৎসাসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

