logo

অস্বাভাবিক ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, মৃত্যু ১

এএফপি
এএফপি
অস্বাভাবিক ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, মৃত্যু ১
শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। ছবি: এএফপি

অস্বাভাবিক শক্তিশালী শরৎকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। শনিবারের এই ঝড়ে নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ বিভিন্ন এলাকায় জনজীবন ব্যাহত হয়। কয়েকটি অঙ্গরাজ্যে ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলেও ঝড়টি মধ্য আটলান্টিক ও দক্ষিণ নিউ ইংল্যান্ড উপকূলের কাছে অবস্থান করছিল। এর প্রভাবে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, রাতের মধ্যে ঝড়টি নিউ জার্সি ও লং আইল্যান্ডের দিকে অগ্রসর হওয়ার কথা ছিল। ফলে রোববার সকালে ওই অঞ্চলে ঝড়ের সবচেয়ে শক্তিশালী প্রভাব পড়ার আশঙ্কা করা হয়।

পূর্ণিমার কারণে সমুদ্রের জোয়ারের উচ্চতাও বেড়েছে। এতে মধ্য-আটলান্টিক উপকূলের বিভিন্ন এলাকায় বড় ধরনের জলোচ্ছ্বাস ও উপকূলীয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ এরই মধ্যে বন্যা ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, ঝড়টি নিউইয়র্ক শহর ও লং আইল্যান্ডের উপকূলীয় এলাকার দিকে এগিয়ে আসছে। তিনি সতর্ক করে বলেন, সপ্তাহান্তে পানিতে বা পানির কাছাকাছি যাওয়া অত্যন্ত বিপজ্জনক। কিছু এলাকায় ঢেউ ২০ ফুট বা প্রায় ৬ মিটার পর্যন্ত উঁচু হতে পারে বলেও জানান তিনি।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুকলিনে প্রবল বাতাসে একটি গাছ উপড়ে পড়ে ৫৬ বছর বয়সি এক ব্যক্তি মারা গেছেন।

বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে লং আইল্যান্ডে প্রায় ৬ ইঞ্চি বা ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ম্যাসাচুসেটসের বোস্টনসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫ ইঞ্চি বা ১২ দশমিক ৭ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিমাণ বৃষ্টিপাত ওই অঞ্চলের এক মাসেরও বেশি সময়ের স্বাভাবিক বৃষ্টিপাতের সমান।

ঝড়ের কারণে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটে। শনিবার সকালে শত শত ফ্লাইট বাতিল করা হয়। শুধু বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। পুরো অঞ্চলজুড়ে বহু ফ্লাইট বিলম্বের খবরও পাওয়া গেছে।

জেটব্লু, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসসহ কয়েকটি বড় বিমান সংস্থা যাত্রীদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে। ঝড়ের কারণে যাত্রীরা অতিরিক্ত কোনো ফি ছাড়াই তাদের ফ্লাইট পরিবর্তনের সুযোগ পাচ্ছেন।

ঝোড়ো বাতাসের কারণে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে থাকা বিভিন্ন গণমাধ্যমের সম্প্রচার সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

ঝড়ের কারণে নিউইয়র্ক ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল হয়েছে। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে নির্ধারিত ‘গ্লোবাল সিটিজেন’ অনুষ্ঠান এবং মেরিল্যান্ডের ‘ওশানস কলিং’ অনুষ্ঠান বাতিল করা হয়।

নিউইয়র্কের অনুষ্ঠানে লেনি ক্রাভিটজ, লরিন হিল, অ্যালিসিয়া কিজ, লেইনি উইলসন ও শাবুজির গান পরিবেশনের কথা ছিল। আয়োজকেরা জানান, ১৪ বছরের মধ্যে এই প্রথম নিরাপত্তার কারণে অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে।

ঝড়ের কারণে ব্রিটিশ পপতারকা এড শিরানের বোস্টনের কাছে সপ্তাহান্তের কনসার্টও বাতিল করা হয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নগরবাসীকে প্রবল বাতাস ও ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শও দিয়েছেন তিনি।

এরই মধ্যে উত্তর ক্যারোলাইনা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডেলাওয়্যার ও নিউ জার্সির কয়েকটি উপকূলীয় এলাকায় চলতি সপ্তাহে বন্যা দেখা দিয়েছে। নিউ ইংল্যান্ড উপকূলে এর আগে ঘণ্টায় প্রায় ৭০ মাইল বা ১১৩ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে।

‘নর’ইস্টার’ বছরের যে কোনো সময় সৃষ্টি হতে পারে। তবে শরৎ থেকে বসন্তের শুরু পর্যন্ত এ ধরনের ঝড় বেশি দেখা যায়। সাধারণত এর সঙ্গে ভারী বৃষ্টি বা তুষারপাত এবং প্রবল ঝোড়ো বাতাস থাকে।

চলতি বছরের শুরুতেও যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে একটি নর’ইস্টার আঘাত হেনেছিল। ওই ঝড়ে শত শত ফ্লাইটের চলাচল ব্যাহত হয় এবং হাজার হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। এর কয়েক সপ্তাহ আগে অঞ্চলটি একটি শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছিল, যাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।