logo
ভারত

১৬ সেকেন্ডে ১৪ বার আঘাত করে হত্যা করা হলো যুবককে

এনডিটিভি
এনডিটিভি
১৬ সেকেন্ডে ১৪ বার আঘাত করে হত্যা করা হলো যুবককে
রাস্তায় প্রকাশ্যে এক যুবককে লোহার পাইপ দিয়ে পেটানো হয়। ছবি: এনডিটিভি

প্রকাশ্য রাস্তায় এক যুবককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলার পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, মাত্র ১৬ সেকেন্ডের মধ্যে ওই যুবকের মাথায় ১৪ বার লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়।

নিহত যুবকের নাম অঙ্কিত প্যাটেল (২৮)। তিনি ভারতের মধ্যপ্রদেশের সাগর শহরের মানসনগর এলাকার বাসিন্দা।

গত রোববার বিকেলে সাগর শহরের একটি হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার আগে অঙ্কিতের সঙ্গে এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক একটি লোহার পাইপ তুলে অঙ্কিতের ওপর হামলা চালান। তিনি বিশেষ করে অঙ্কিতের মাথায় পরপর আঘাত করতে থাকেন।

ফুটেজ অনুযায়ী, প্রায় ১৬ সেকেন্ড ধরে চলা হামলায় অঙ্কিতের মাথায় ১৪ বার আঘাত করা হয়। শুরুতে ঘটনাটি দেখতে আশপাশের কয়েকজন মানুষ সেখানে জড়ো হলেও হামলা শুরু হওয়ার পর অনেকে সরে যান। এতে স্থানীয় দোকানদারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন ভয়ে দোকান বন্ধ করে দেন।

একপর্যায়ে কয়েকজন হামলাকারীকে থামানোর চেষ্টা করেন। তবে তাদের বাধা উপেক্ষা করে অঙ্কিতের ওপর হামলা চালাতে থাকেন তিনি। পরে এক ব্যক্তি হামলাকারীকে জাপটে ধরে অঙ্কিতের কাছ থেকে সরিয়ে নিতে সক্ষম হন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অঙ্কিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হামলার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে কী কারণে এই হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।