এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: আনোয়ার ইব্রাহিম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে আলেম ও মুসলিম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি সতর্ক করে বলেছেন, এআই সম্পর্কে জ্ঞান না থাকলে মুসলিম সমাজ বাইরের প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়তে পারে।
রোববার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোঝিকোড় জেলার কারানথুরের মারকাজু সাকুয়াফাথি সুন্নিয়্যায় শেখ আবুবকর ফাউন্ডেশন কর্তৃক এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণের পর তিনি এসব কথা বলেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে না জানলে আমরা অন্যে প্রভাবাধীন হয়ে পড়ব।
তিনি বলেন, বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জগুলো আলেমদের বুঝতে হবে। এর মধ্যে আধুনিক প্রযুক্তি, নতুন নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তাও রয়েছে।
তবে প্রযুক্তির অগ্রগতি যেন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ক্ষতি না করে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলিম সমাজের প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি নিজেদের বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করতে হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমাদের জ্ঞান দরকার। আমাদের দক্ষতা দরকার। নতুন প্রযুক্তির মাধ্যমে এমন কিছু মূল্যবোধ মুসলিম সমাজে প্রবেশ করতে পারে, যা বিশ্বাস ও নৈতিকতাকে দুর্বল করতে পারে বলেও তিনি সতর্ক করেন।
আনোয়ার বলেন, কোনো সমাজ যদি নতুন প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না রাখে, তাহলে প্রযুক্তিকে নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিচালনা ও প্রভাবিত করার সক্ষমতাও তাদের কমে যায়। এ কারণেই এআইসহ নতুন প্রযুক্তি নিয়ে মুসলিম সমাজের আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যেও যখন আলোচনা বাড়ছে, তখন মুসলিম সমাজ ও আলেমরা এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলেও উদ্বেগ প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম।
তিনি মুসলিম সমাজকে এআই সম্পর্কে আরও বেশি জানার ও এতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রযুক্তির অগ্রগতিকে জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তির ওপর রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিমের হাতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ তুলে দেন ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কানথাপুরম এপি আবুবকর মুসলিয়ার।
নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের সম্মেলনে অংশ নেওয়ার পর কেরালায় যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
