ভারতে গোমূত্র কিনছে সরকার, প্রতি লিটার ২০ রুপি

কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ শুরু করেছে ভারতের ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। রাজ্যের বুলন্দশহর থেকে গোমূত্র সংগ্রহের এই পাইলট প্রকল্পের ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাশাপাশি দুধ দেওয়া বন্ধ করা গাভীর রক্ষণাবেক্ষণ সহজ হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে গোমূত্র সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত হয়ে গ্রামীণ নারীদের অতিরিক্ত উপার্জনের সুযোগ সৃষ্টি হবে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ড. প্রবীণের নেতৃত্বে সিয়ানা তহসিলের নরসাইনা গ্রামে একটি ‘কৃষক উৎপাদক সংস্থা’র (এফপিও) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বুলন্দশহরের ১৫টি গ্রাম নিয়ে শুরু হওয়া এই প্রকল্পে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। গ্রামগুলোতে তা সংরক্ষণের জন্য ২০০ লিটারের বিশেষ ট্যাংক স্থাপন করা হয়েছে।
বর্তমানে প্রায় ৩০০ জন নারী শেয়ারহোল্ডার হিসেবে এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। তাদের সংগৃহ করা গোমূত্রের ওপর প্রতি লিটারে ২ রুপি কমিশন দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার ২০ রুপি দরে গোমূত্র কেনার পরিকল্পনা রয়েছে উত্তরপ্রদেশ সরকারের। সংগৃহীত গোমূত্র জৈব কৃষিকাজে রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহারের লক্ষ্য নেওয়া হয়েছে। এটি সফল হলে রাজ্যজুড়ে আনুষ্ঠানিক নীতি প্রণয়ন করে তা চালু করা হবে।
এদিকে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি এপি)। দলের মুখপাত্র মোহাম্মদ আজম খান একে একটি ‘কেলেঙ্কারি’ হিসেবে আখ্যা দিয়ে অভিযোগ করেন, আসন্ন নির্বাচনের তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই বিজেপি সরকার এমন চক্রান্ত সাজাচ্ছে। বর্তমানে রাজ্যের গোশালা কিংবা গবাদিপশু কোনোটিই নিরাপদ নয়।
তবে বিরোধীদলের এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র হিরো বাজপাই। তিনি বলেন, সমাজবাদী পার্টি প্রতিটি জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্পেই রাজনৈতিক স্বার্থ খুঁজে পায়।
