logo

ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর হেলিকপ্টার বিধ্বস্ত, ক্রু সদস্য নিখোঁজ

ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর হেলিকপ্টার বিধ্বস্ত, ক্রু সদস্য নিখোঁজ
ইন্দোনেশিয়ার জাতীয় অগ্নিনির্বাপণ ব্রিগেড মঙ্গলা অগ্নির দমকলকর্মীরা দাবানলে পানি ছিটাচ্ছেন। ফাইল ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে পানি ছিটানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তান প্রদেশে পানি সংগ্রহের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে অপর এক ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন পানজাইতান জানিয়েছেন, উদ্ধার হওয়া দুজন অস্ট্রেলীয় নাগরিক। তারা বর্তমানে নিরাপদে রয়েছেন। নিখোঁজ তৃতীয় ক্রু সদস্য ইন্দোনেশিয়ার নাগরিক।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বারিতো নদী থেকে বিশেষ বালতির মাধ্যমে পানি সংগ্রহ করছিল হেলিকপ্টারটি। এ সময় হঠাৎ সেটি ভারসাম্য হারিয়ে সামনের অংশ নিচের দিকে ঝুঁকে পড়ে এবং একপর্যায়ে নদীতে আছড়ে পড়ে।

দুর্ঘটনা সম্পর্কে বার্টন পানজাইতান বলেন, দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে পানি ছিটানোর অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ইউরোকপ্টার ইসি-২২৫এলপি সুপার পুমা মডেলের। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটি পরিচালনা করছিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা দাবানল মোকাবিলার কাজে প্রতিষ্ঠানটিকে নিয়োগ দিয়েছিল।

উল্লেখ্য, কয়েক দিনের ব্যবধানে ইন্দোনেশিয়ায় অগ্নিনির্বাপণ অভিযানে নিয়োজিত হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত বুধবার বোর্নিও উপকূলের কাছে তানজুং পুতিং জাতীয় উদ্যানে দাবানল নিয়ন্ত্রণের অভিযানে আটজন আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় তিনজন নিহত হন।

সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, বুধবার বিধ্বস্ত হেলিকপ্টারটিও আগুন নেভানোর জন্য সমুদ্র থেকে পানি সংগ্রহ করছিল। দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া কয়েক মাস ধরে ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে। দেশটির সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ে গেছে। এসব দাবানলের ধোঁয়ায় সৃষ্ট ঘন কুয়াশা প্রতিবেশী মালয়েশিয়া, পূর্ব তিমুর ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে।

দাবানল নিয়ন্ত্রণে স্থলভাগে অগ্নিনির্বাপণ কর্মীদের পাশাপাশি ব্যাপক আকাশপথের অভিযান চালাচ্ছে ইন্দোনেশিয়া। আগুন নেভাতে হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন এলাকায় পানি ছিটানো হচ্ছে। তবে পরপর দুটি হেলিকপ্টার দুর্ঘটনা দেশটির এই অভিযানে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট