logo

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

এপি
এপি
নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার
নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি বিভাগের নির্বাহী কর্মকর্তা জোনাথন ম্যাককিনসে। ছবি: নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিখ্যাত সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি বিভাগের নির্বাহী কর্মকর্তা জোনাথন ম্যাককিনসেকে (৪০) গুলি করে হত্যা করা হয়েছে। সান ফ্রান্সিসকোর পূর্বে অবস্থিত ডাবলিন শহরের একটি স্পোর্টস কমপ্লেক্সের পার্কিং লটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ৭৭ বছর বয়সি শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে একটি স্পোর্টস কমপ্লেক্সের পার্কিং লটে কাছ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ডাবলিন পুলিশ সার্ভিসেসের এক সার্জেন্ট ম্যাককিনসেকে মাটিতে পড়ে থাকতে দেখেন। একই সময়ে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ৯১১-এ কল দেওয়ার পাশাপাশি ঘটনাস্থলের পাশেই অবস্থানরত ওই দম্পতিকে পুলিশকে দেখিয়ে দেন।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে জোনাথন ম্যাককিনসের শ্বশুর শৌইয়ং ঝাং (৭৭) এবং শাশুড়ি শিলি চেনকে (৭৭) গ্রেপ্তার করা হয়েছে। তারা ডাবলিনেরই বাসিন্দা। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

তবে অভিযুক্তরা কোনো আইনজীবী নিয়োগ করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মেয়ে ক্যান্ডিস জ্যাংয়ের নিবন্ধিত ফোন নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়।

আদালতের নথি ও মামলার বিবরণী থেকে জানা গেছে, ম্যাককিনসে এবং তার স্ত্রী ক্যান্ডিস জ্যাংয়ের বিবাহবিচ্ছেদের মামলার চূড়ান্ত শুনানির ঠিক এক সপ্তাহ আগে এই নৃশংস ঘটনাটি ঘটে। ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির তিনটি ছোট সন্তান রয়েছে। সন্তানদের অভিভাবকত্ব ও তাদের সঙ্গে সময় কাটানো নিয়ে ম্যাককিনসের সঙ্গে তার শ্বশুর-শাশুড়ির দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলছিল।

এর আগে, ২০২৩ সালে ক্যান্ডিস জ্যাং পুলিশের কাছে অভিযোগ করেন যে, ম্যাককিনসে তাদের এক সন্তানকে ধাক্কা দিয়েছেন এবং সন্তানদের ওপর কঠোর শারীরিক নির্যাতন চালিয়েছেন। ওই বছরের অক্টোবরে লঘু শিশু নির্যাতনের অভিযোগে ম্যাককিনসিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধী সুরক্ষার আদেশ জারি হয়।

পুলিশের কাছে তিনি এক সন্তানকে চড় মারার কথা স্বীকার করেছিলেন। সান হোসে মার্কারি নিউজের প্রতিবেদন অনুযায়ী, হত্যাকাণ্ডের সময় তিনি জামিনে মুক্ত ছিলেন এবং একটি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন কর্মসূচিতে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন।

পরবর্তীতে স্ত্রীর মামলার জবাবে ম্যাককিনসে নিজেও স্ত্রীর বিরুদ্ধে গার্হস্থ্য সুরক্ষার আবেদন করেন ও বিবাহবিচ্ছেদের আবেদন জানান। আলামেডা কাউন্টি আদালতের নথি অনুযায়ী, ম্যাককিনসে সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর অনুমতি চেয়েছিলেন। কেননা গত শরৎকাল থেকে তাকে সপ্তাহে মাত্র দুই ঘণ্টার জন্য নজরদারির অধীনে সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছিল।

মার্কারি নিউজের প্রতিবেদনে বলা হয়, সুরক্ষা আদেশের আবেদনে ম্যাককিনসে অভিযোগ করেছিলেন, তার শাশুড়ি শিলি চেন তাকে ও তার এক সন্তানকে লক্ষ্য করে এলজিবিটিকিউ+ বিরোধী গালিগালাজ করতেন। এ ছাড়া তার লিঙ্গ পরিবর্তনসংক্রান্ত চিকিৎসাকালে স্ত্রী জ্যাং তার সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন বলেও তিনি দাবি করেন।

হত্যাকাণ্ডের শিকার জোনাথন ম্যাককিনসে ২০২৩ সালের জানুয়ারিতে নিউইয়র্ক টাইমসে যোগ দেন। তিনি নিউইয়র্ক টাইমস গেমসের প্রকৌশল বিভাগের পরিচালক হিসেবে সান ফ্রান্সিসকো বে এলাকায় দায়িত্ব পালন করছিলেন। মর্মান্তিক এই ঘটনার বিষয়ে নিউইয়র্ক টাইমসের এক মুখপাত্র বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।