logo

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১

বিবিসি
বিবিসি
দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। ছবি: বিবিসি নিউজ

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক এলাকায় বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, তিন বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে সেখানে থাকা ১৪ জনের ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে পরে আরও একজনের মৃত্যু হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং একজন নারী ছিলেন। ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলার সময় তারা বাড়িতে একটি পার্টিতে ছিলেন।

হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের কয়েকজন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন—এমন তথ্য পুলিশের কাছে রয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী কোনো গোষ্ঠীর মধ্যে বিরোধ থেকেই হামলাটি হয়ে থাকতে পারে—এ সম্ভাবনাও তারা উড়িয়ে দিচ্ছে না।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ইএনসিএ-এর এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে নিহতদের একজনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পুড়ে যাওয়া গাড়িটির ছবি পাওয়া গেছে।

দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরেই উচ্চমাত্রার সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে ৬০ জনের বেশি মানুষ হত্যার শিকার হন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির বিভিন্ন স্থানে অন্তত নয়জন নারীর মরদেহ উদ্ধারের ঘটনাও জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। উদ্ধার হওয়া কয়েকটি মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল।