চীনা প্রেসিডেন্টকে হোয়াইট হাউসের নতুন বলরুম ঘুরিয়ে দেখালেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের হোয়াইট হাউসের নির্মাণাধীন নতুন বলরুম ঘুরিয়ে দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাষ্ট্রীয় নৈশভোজ চলাকালে হঠাৎ ট্রাম্প অতিথিদের জানান, তিনি কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে পাশের নির্মাণাধীন প্রকল্পটি তাদের দেখাতে চান।
শি জিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ানকে সম্মান জানিয়ে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প অতিথিদের নির্মাণস্থলটি দেখার আমন্ত্রণ জানান। তিনি বলেন, প্রায় ৪০ কোটি ডলারের নতুন বলরুমটির নির্মাণ শেষ হতে আরও প্রায় এক বছর সময় লাগতে পারে।
নৈশভোজের স্থান থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার পর ট্রাম্প অতিথিদের নিয়ে নির্মাণস্থলে যান। পরে বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ট্রাম্প জিনপিংসহ অতিথিদের সেখানে ঘুরিয়ে দেখান।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অতিথিদের ইস্ট রুমের দরজা দিয়ে বের করে লালগালিচা বিছানো একটি পথ ধরে এমন একটি স্থানে নেওয়া হয়, যেখান থেকে নির্মাণাধীন বলরুমটি দেখা যায়।
রাষ্ট্রীয় নৈশভোজে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই জিনপিংয়ের এই রাষ্ট্রীয় সফর। দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং বিভিন্ন বিষয়ে আলোচনার অংশ হিসেবেই সফরটি আয়োজন করা হয়েছে।
এই প্রেক্ষাপটে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ একটি নির্মাণ প্রকল্প শিকে দেখানোর ঘটনাটি বিশেষভাবে আলোচনায় এসেছে।
ট্রাম্প এর আগে নতুন বলরুম প্রকল্পটিকে অত্যন্ত বড় ও আধুনিক স্থাপনা হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, প্রকল্পটিতে একাধিক স্তরের ভূগর্ভস্থ সংবেদনশীল স্থাপনা থাকবে এবং ভবনের ছাদে ড্রোন অবতরণের ব্যবস্থাও থাকবে।
তবে বলরুম ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনার নির্মাণ পরিকল্পনা, অনুমোদন ও ব্যয় নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। ট্রাম্প এসব বিষয়ে জবাব দিতে গিয়ে জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন।
এর আগে হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড পরিদর্শনের সময়ও ট্রাম্প জিনপিংকে নির্মাণাধীন বলরুমের বাইরের অংশ দেখিয়েছিলেন। সে সময় তিনি চীনের প্রেসিডেন্টকে মার্কিন প্রেসিডেন্টের সরকারি হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’-এও উঠিয়েছিলেন।
