logo

সিরিয়ার অস্ত্রাগারে বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

সিরিয়ার অস্ত্রাগারে বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ার অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধাবশেষ রাখার একটি অস্থায়ী গুদামে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ওই বিস্ফোরণে আরও ১১ জন আহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইদলিবের জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অপারেশনস কমান্ডার ওয়ালিদ আসলান। তিনি বলেন, প্রাথমিক মূল্যায়নে বিস্ফোরণটি গোলাবারুদের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আসলান জানান, জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থল পরিদর্শন করছে এবং এলাকাটি নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায়ও প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঘটনার পর ঘটনাস্থলে বেসামরিক প্রতিরক্ষা ও দমকল বাহিনীর সদস্যদের পাঠানো হয়। তবে একের পর এক বিস্ফোরণের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। ঘণ্টার পর ঘণ্টা ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়।

প্রাথমিক বিস্ফোরণের সঠিক কারণ অবশ্য এখনো জানায়নি কর্তৃপক্ষ।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্রশস্ত্র ও যুদ্ধের ধ্বংসাবশেষ অন্যত্র সরিয়ে নেওয়ার আগে ওই স্থানে সংরক্ষণ করা হচ্ছিল। বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও রয়েছেন।

এর আগে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ এলনুমরা গ্রামে বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই সেখানে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়।