ভারতকে অপছন্দ করা বাংলাদেশির সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ

এশিয়া পোস্ট ডেস্ক
ভারতকে অপছন্দ করা বাংলাদেশির সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ
ভারতের পতাকা। ছবি: সংগৃহীত

ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাবে বড় ধরনের ধস নেমেছে। ২০২৪ সালে যেখানে ৫৭ শতাংশ বাংলাদেশি ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতেন। কিন্তু দুই বছরের ব্যবধানে ২০২৬ সালে এসে তা ১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। মানে বাংলাদেশে ভারতকে অপছন্দের সংখ্যা বেড়েছে। আর ভারতকে অপছন্দের তালিকায় সবার ওপরে রয়েছে পাকিস্তান। শতকার হিসাবে তা ৯১ শতাংশ।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের ৩৬টি দেশের ওপর চালানো নতুন জরিপে উঠে এসেছে এই তথ্য। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত এই জরিপ চালানো হয়।

বিশ্বজুড়ে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে ৪৫ শতাংশ হলেও, বাংলাদেশের এই পতনই সবচেয়ে উল্লেখযোগ্য। ২০২৪ সালের জরিপে যেখানে ৫৭ শতাংশ বাংলাদেশি ভারতকে ইতিবাচক দৃষ্টিতে দেখতেন, ২০২৬ সালে তা ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে।

বিশ্বজুড়ে যে ১০টি দেশে ভারত সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন উল্লেখযোগ্যভাবে কমেছে, তার মধ্যে বাংলাদেশেই এই পতনের মাত্রা সবচেয়ে বেশি। তবে একই সময়ে ভারত বিষয়ে কোনো মতামত না দেওয়া বাংলাদেশির হার ২৪ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমে এসেছে। ফলে বাংলাদেশে ভারতকে অপছন্দের সংখ্যা ৫১ শতাংশে দাঁড়িয়েছে।

বিপরীতে, ভারতের প্রতি সবচেয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে শ্রীলংকায়, যেখানে ৭৯ শতাংশ মানুষ দেশটির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। আর পাকিস্তানিরা ভারতকে সবার চেয়ে বড় শত্রু মনে করেন। অন্যদিকে ভারতীয়রাও পাকিস্তানকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করেন।

পিউ রিসার্চ সেন্টারের ‘বসন্ত ২০২৬ বৈশ্বিক মনোভাব সমীক্ষা’ অনুযায়ী, আন্তর্জাতিক অঙ্গনে ও আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের ভাবমূর্তিতে বড় ধরনের বৈষম্য ফুটে উঠেছে।

এছাড়া কেনিয়া ও যুক্তরাজ্যে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় সাতজনই ভারতকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন। জার্মানি (৬৩ শতাংশ), ইসরায়েল (৬০ শতাংশ), ইতালি (৫৬ শতাংশ), সুইডেন (৫৫ শতাংশ), জাপান (৫৫ শতাংশ) ও থাইল্যান্ডেও (৫৫ শতাংশ) অধিকাংশ মানুষের মনোভাব অনুকূল।

বিপরীতে, তুরস্কে মাত্র ১৫ শতাংশ এবং ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৮ শতাংশ মানুষ ভারতের পক্ষে ইতিবাচক মতামত দিয়েছেন; যার ফলে এসব এলাকায় ভারতের বিরুদ্ধে তীব্র নেতিবাচক জনমত স্পষ্ট হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে বর্তমানে ৪৫ শতাংশ ভারতকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। ২০২৩ সালের ৫১ শতাংশ থেকে যা ধারাবাহিকভাবে কমছে। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আদর্শের ভিত্তিতেও মতভেদ দেখা গেছে; ডেমোক্র্যাট ও উদারপন্থিদের (৫৪ শতাংশ) মধ্যে রিপাবলিকান ও রক্ষণশীলদের (৪০ শতাংশ) তুলনায় ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করার প্রবণতা বেশি।

পিউ গবেষণার তথ্যমতে, আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক ও সামরিক প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশে (যেমন জার্মানি ও ফ্রান্স) ভারতের প্রতি ইতিবাচক জনমত বাড়লেও, দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকার একাধিক দেশে ভারতের ভাবমূর্তি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

ভারতকে অপছন্দ করা বাংলাদেশির সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ