তুরস্কে ভবন ধসে শিশুসহ নিহত ৫

তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের তিনটি তলা ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আরও নয়জনকে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নগর কর্তৃপক্ষের কার্যালয় জানায়, বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্য দিয়ে তল্লাশি ও উদ্ধার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিহতদের মধ্যে পাঁচ ও ১০ বছর বয়সি দুই শিশু এবং ১২ বছর বয়সি এক কিশোর রয়েছে। ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়লেও ওপরের চারটি তলা ধ্বংসস্তূপের ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে।
ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান সাংবাদিকদের জানান, ভবনটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল। সে সময়ের নির্মাণবিধি অনুসরণ করে বেসমেন্ট, নিচতলা, প্রথম ও দ্বিতীয়তলা তৈরি করা হয়। পরবর্তী সময়ে ভবনটিতে আরও কয়েকটি তলা যুক্ত করা হয়েছিল।
দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনটির আশপাশের এলাকার ৫৫ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভবনটির নিচতলায় থাকা একটি দোকানের ব্যবস্থাপক জানিয়েছেন, গত এপ্রিল থেকেই তিনি ভবনটির কাঠামোয় ফাটল দেখতে পাচ্ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর হিসাব বলছে, ত্রুটিপূর্ণ নির্মাণকাজ ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ইস্তাম্বুলে প্রায় ১ হাজার ২০০টি ভবন ধসে পড়ার ঝুঁকিতে থাকতে পারে।
এর আগে গত আগস্টেও ইস্তাম্বুলে একটি পরিত্যক্ত ভবন ধসে পড়েছিল। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
