দলের ২৫ বছর পূর্তিতে এরদোয়ান বললেন, সবে তো শুরু

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির ২৫ বছর পূর্তি উপলক্ষে দলের অর্জন তুলে ধরে আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, গত ২৫ বছরে অনেক অর্জন হলেও দলের কাজ এখনো শেষ হয়নি; বরং সবে শুরু।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানী আঙ্কারার বাসকেন্ট ন্যাশনাল গার্ডেনে আয়োজিত দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন এরদোয়ান।
দলটির প্রতিষ্ঠার দিনটিকে তুরস্কের রাজনৈতিক ইতিহাসের একটি বিশেষ ও ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে এরদোয়ান বলেন, একে পার্টি ২৫ বছর আগে আমাদের জাতির আশা হিসেবে জন্ম নিয়েছিল।
২০০১ সালের ১৪ আগস্ট ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালনের পর এরদোয়ানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় একে পার্টি। পরবর্তী সময়ে ধারাবাহিক নির্বাচনি সাফল্যের মধ্য দিয়ে দলটি তুরস্কের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী শক্তিতে পরিণত হয়।
দলের ২৫ বছরের শাসনামলে অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে বড় ধরনের বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, এসব উদ্যোগ দেশের আত্মবিশ্বাসও বাড়িয়েছে।
তুরস্কের বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা শুরুর পর একে পার্টির মতো ধারাবাহিক সাফল্য আর কোনো দল অর্জন করতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। দলটির রাজনৈতিক যাত্রায় এখন পর্যন্ত চারজন প্রধানমন্ত্রী ও দুজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
দলের দীর্ঘ রাজনৈতিক সাফল্যের জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এরদোয়ান বলেন, জনগণ যে দায়িত্ব ও সম্পদ তাদের হাতে তুলে দিয়েছে, তা দেশের উন্নয়ন ও শক্তিশালী করার কাজে ব্যবহার করা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এরদোয়ান বলেন, ২৫ বছর ক্ষমতায় থাকার পর একে পার্টির থেমে যাওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, এই আমরা অনেক কিছু অর্জন করেছি। কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। কেউ যেন আমাদের ক্লান্ত হয়ে পড়ার প্রত্যাশা না করেন।
এরদোয়ান আরও বলেন, আমরা সবে শুরু করেছি।
তুরস্ককে ২০৫৩ ও ২০৭১ সালের দীর্ঘমেয়াদি লক্ষ্যের দিকে এগিয়ে নিতে একে পার্টি কাজ করে যাবে বলেও জানান তিনি। সমর্থকদের উদ্দেশে এরদোয়ান বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে এখনো তাদের অনেক কাজ বাকি।

