logo

এক লাখ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ভক্সওয়াগন

বিবিসি বাংলা
বিবিসি বাংলা
এক লাখ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ভক্সওয়াগন
বিশ্বজুড়ে ভক্সওয়াগনে ছয় লাখ ৬০ হাজারের বেশি মানুষ কর্মরত ছিল ২০২৫ সাল নাগাদ

জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন বড় ধরনের পুনর্গঠন কর্মসূচির আওতায় আরও ৫০ হাজার চাকরি কমানোর পরিকল্পনা অনুমোদন করেছে ।এর ফলে ২০৩০ সালের মধ্যে কোম্পানিটি মোট এক লাখ পদ বিলুপ্ত করার পরিকল্পনা করেছে।

Advertisement

অডি, পোর্শা, স্কডা ও ভক্সওয়াগনসহ বিভিন্ন ব্র্যান্ড নিয়ে গঠিত ভক্সওয়াগন গ্রুপ মার্চে জানিয়েছিল, দশকের শেষ নাগাদ তারা ৫০ হাজার পদ কমাবে। বৃহস্পতিবার নতুন পরিকল্পনার কথা জানিয়ে দেওয়া বিবৃতিতে বলা হয়, ব্যবস্থাপনা পর্যায়ের পদসহ গ্রুপজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মীসংখ্যা কমানোর প্রয়োজন হবে।

ভক্সওয়াগনের প্রধান নির্বাহী অলিভার ব্লুমে বলেন, এই সিদ্ধান্ত কোম্পানির ভবিষ্যৎ নিয়ে একটি ‘জোরালো বার্তা’ দিচ্ছে। একই সঙ্গে এর মাধ্যমে পুরো কর্মীবাহিনীর প্রতি কোম্পানি দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলেও দাবি করেন তিনি।

এর আগে জুলাইয়ে ব্লুমে জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটি অতিরিক্ত কর্মী ছাঁটাইয়ের বিষয়টি বিবেচনা করছে।

চীনা প্রতিযোগিতায় চাপে ভক্সওয়াগন

বিক্রি কমে যাওয়া ও মুনাফা হ্রাসের মধ্যে রয়েছে ভক্সওয়াগন। বিশেষ করে চীনা গাড়ি নির্মাতাদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা প্রতিষ্ঠানটির ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

ভক্সওয়াগন জানিয়েছে, তারা ভবিষ্যতে ‘সবচেয়ে আকর্ষণীয় গাড়িগুলোকে’ অগ্রাধিকার দেবে এবং প্রতিটি মডেলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করবে। এর মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, ভোক্তার চাহিদা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে বৈশ্বিক কর্মী কাঠামোয় বড় ধরনের সমন্বয় প্রয়োজন।

ভক্সওয়াগনের এমডেন, জ্ভিকাউ, হ্যানোভার ও নেকারসুল্ম কারখানার ভবিষ্যৎ নিয়েও পর্যালোচনা চলছে। এসব কারখানায় বর্তমান উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে কারখানাগুলোর বিকল্প ব্যবহারের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।

প্রায় নয় দশকের ইতিহাসে এটিই ভক্সওয়াগনের সবচেয়ে বড় পুনর্গঠন কর্মসূচি হতে যাচ্ছে। ২০২৫ সাল পর্যন্ত বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা ছিল ৬ লাখ ৬০ হাজারের বেশি। গ্রুপটির অন্যান্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে সিয়াট, বেন্টলি ও ল্যাম্বরগিনি।

শ্রমিক ইউনিয়নের প্রতিক্রিয়া

ইউরোপের সবচেয়ে বড় শিল্প শ্রমিক ইউনিয়ন আইজি মেটালের সভাপতি এবং ভক্সওয়াগনের সুপারভাইজরি বোর্ডের উপ-চেয়ার ক্রিস্টিয়ানে বেনার বলেন, সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় প্রতিষ্ঠানটি ভালো সমাধান খুঁজে বের করতে কঠোরভাবে কাজ করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভক্সওয়াগনের মুনাফা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর অন্যতম কারণ হিসেবে চীনে গাড়ি বিক্রি কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হচ্ছে। একসময় চীন ছিল প্রতিষ্ঠানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর একটি।

যুক্তরাষ্ট্রের বাজারেও ভক্সওয়াগনের বিক্রি কমেছে। এর পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গাড়ি আমদানিতে আরোপিত শুল্কের প্রভাবও রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে চীনা গাড়ি নির্মাতারা নতুন প্রযুক্তি দ্রুত বাজারে আনছে এবং তুলনামূলক কম উৎপাদন ব্যয়ের সুবিধা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।

বিওয়াইডির মতো চীনা কোম্পানিগুলোর বিক্রি সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন বাজারে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বৈশ্বিক গাড়ির বাজারে ভক্সওয়াগনসহ পুরোনো ইউরোপীয় নির্মাতাদের প্রতিযোগিতার চাপ আরও বাড়ছে।