logo

শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব
শ্রীলঙ্কান নাগরিক আনোজান শিবরাজা। ছবি: এক্স থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে মন্তব্য করার দায়ে শ্রীলঙ্কার এক অভিবাসী শ্রমিককে মৃত্যুদণ্ড দিয়েছিল সৌদি আরব কর্তৃপক্ষ। তবে শ্রীলঙ্কার সরকারের অনুরোধের পর সেই মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র।

ভিডিও বার্তায় তিনি বলেন, গত বুধবার সৌদি আরবের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন। এ ঘটনায় দুই দেশের কর্তৃপক্ষ ও আইনজীবীদের ঐকান্তিক চেষ্টার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

২৭ বছর বয়সি আনোজান শিবরাজাকে গত সেপ্টেম্বরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে সৌদি আরবের আপিল আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিলেন।

এ ঘটনায় শ্রীলঙ্কায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। শিবরাজাকে ক্ষমা করার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে শ্রীলঙ্কার সরকার।

ঘটনার সূত্রপাত হয় গত জুনের শেষ দিকে হিন্দু তীর্থযাত্রীদের অনুসরণ করে আসা এক মুসলিম তরুণের কুকুরকে লাথি মারার দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে। এ নিয়ে অনলাইনে ধর্মীয় বিতর্ক শুরু হয়।

বিতর্কের মধ্যে এক ব্যবহারকারী হিন্দু দেবতা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। জবাবে শ্রীলঙ্কার অভিবাসী আনোজান শিবরাজা তামিল ভাষায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে মন্তব্য করেন।

শিবরাজা কিছুক্ষণের মধ্যেই মন্তব্যটি মুছে ফেলেন এবং ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেন। তবে মন্তব্যটির স্ক্রিনশট তার নিয়োগকর্তা ও সৌদি কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এরপর জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবরাজার বিরুদ্ধে আরও আইনি প্রক্রিয়া চলবে কি না, বিষয়টি এখনও স্পষ্ট নয়। তিনি আটক থাকবেন কি না বা থাকলে কত দিন—সেটিও জানা যায়নি। এর আগে আল-আহসা ফৌজদারি আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল জরিমানা করেছিলেন। এই জরিমানার পরিমাণ প্রায় আট লাখ মার্কিন ডলার বা ছয় লাখ ব্রিটিশ পাউন্ড।

শিবরাজার মামলার আইনি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট শ্রীলঙ্কার আইনপ্রণেতা ফাইজার মুস্তাফা বিবিসি সিংহলাকে মৃত্যুদণ্ড বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়টি পর্যালোচনা করছেন।

এর আগে শিবরাজার পরিবার জানিয়েছিল, ২৮ সেপ্টেম্বরের পর থেকে তার সঙ্গে তাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও সৌদি আরবকে তার মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সৌদি আরববিষয়ক জ্যেষ্ঠ গবেষক জোয়ি শিয়া বলেন, মতপ্রকাশের কারণে কাউকে কঠোর শাস্তি দিতে সৌদি কর্তৃপক্ষের নিপীড়নমূলক আইনের ব্যবহার বন্ধ করা উচিত।