
অধিকৃত পশ্চিম তীরে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের আলোকচিত্রী হেইডি লেভিন ও ফিলিস্তিনি গ্রামবাসীদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য রোজা ডিলাউরো।
শুক্রবার মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামবাসীদের ওপর হামলা চালান। এ সময় তারা জলপাইবাগানে আগুন ধরিয়ে দেন এবং গ্রামবাসীদের লক্ষ্য করে পাথর ছোড়েন বলে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই হামলার শিকার হন আলোকচিত্রী হেইডি লেভিনও।
ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রোজা ডিলাউরো বলেন, ‘বসতি স্থাপনকারীরা যদি প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে একজন মার্কিন সাংবাদিকের ওপর এমন হামলা চালাতে পারে, তাহলে কেউ যখন দেখছে না, তখন ফিলিস্তিনি পরিবারগুলোকে কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তা কল্পনা করুন।’
তিনি আরও বলেন, ‘এই হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতেই হবে।’
দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া বক্তব্যে হেইডি লেভিন হামলার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, ‘তারা আমাকে লাথি মারতেই থাকল, বারবার। সম্ভবত প্রায় ৫০ বার।’
ঘটনাটি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন কংগ্রেস সদস্য ডিলাউরো হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
