logo

আনন্দবাজার পত্রিকার সামনে গেরুয়াপন্থিদের বিক্ষোভ, ফটকে রং

এশিয়া পোস্ট নিউজ,কলকাতা
আনন্দবাজার পত্রিকার সামনে গেরুয়াপন্থিদের বিক্ষোভ, ফটকে রং
আনন্দবাজার পত্রিকার সামনে বিক্ষোভ করে ফটকে রঙ প্রলেপ করে দেন গেরুয়াপন্থিরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

কলকাতা শহরের চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে অবস্থিত আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে তাণ্ডব ও বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি সমর্থিত উগ্র হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে একদল গেরুয়া বসনধারী ও পাগড়ি পরা আন্দোলনকারী ভবনের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। একপর্যায়ে প্রবেশদ্বারের দুটি সাদা থামে গেরুয়া রঙ লেপে দেন।

ঘটনার সূত্রপাত গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঘটা এক সংঘর্ষকে কেন্দ্র করে। পরদিন ২১ আগস্ট আনন্দবাজার পত্রিকা তাদের প্রথম পাতায় ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

ওই শিরোনামের শব্দচয়ন নিয়ে তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি অবিলম্বে আনন্দবাজার পত্রিকাকে এই শিরোনাম প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। তা না করা হলে গেরুয়া বসন পরে রাজপথে প্রতিবাদের হুমকি দেন শুভেন্দু।

পরবর্তীতে ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় একটি এফআইআর দায়ের করে।

মঙ্গলবার দুপুরে ‘হোয়াইট হাউস’ নামে পরিচিত আনন্দবাজারের মূল ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে পুলিশের উপস্থিতিতেই মূল ফটকের ওপরে একটি গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, ‘আনন্দবাজার পত্রিকা সরকারের কিংবা নেতার সমালোচনা করতেই পারে, কিন্তু সনাতন ধর্মের প্রতীক গেরুয়া রঙকে অসম্মান করার অধিকার কারও নেই। নিজেদের শুধরে না নিলে পরবর্তীতে আরও বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে।’

কিছুক্ষণ অবস্থান পালনের পর ভবনের মূল ফটকের দুপাশের দুই থামে গেরুয়া রঙ লেপে দিয়ে ‘আনন্দবাজার হায় হায়’ স্লোগান দিতে দিতে তারা এলাকা ত্যাগ করেন। তবে বিজেপির রাজ্য নেতৃত্ব দাবি করেছে, দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো বিক্ষোভের ডাক দেওয়া হয়নি।

ঘটনার পর আনন্দবাজার পত্রিকার সম্পাদক ঈশানী দত্ত রায় ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে দেখা যায়, গেরুয়া রঙ লেপে দেওয়া দেওয়ালটি ধুয়েমুছে পুনরায় সাদা রঙে ফিরিয়ে আনা হয়েছে। ছবিটির ক্যাপশনে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পঙক্তি উদ্ধৃত করে লেখেন, ‘উচ্চ যেথা শির’।

আনন্দবাজার পত্রিকার সামনে গেরুয়াপন্থিদের বিক্ষোভ, ফটকে রং