logo

পাকিস্তানের বিভিন্ন জেলা-শহরে ১৪৪ ধারা, কী ঘটছে দেশটিতে

জিও নিউজ
জিও নিউজ
দ্য ডন
দ্য ডন
পাকিস্তানের বিভিন্ন জেলা-শহরে ১৪৪ ধারা, কী ঘটছে দেশটিতে
গত ১২ অক্টোবর পেশোয়ারে জরুরি অবস্থা জারির পর একটি অবরুদ্ধ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। ছবি: রয়টার্স

ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান। চরম রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা তৈরি হয়েছে দেশজুড়ে। উদ্ভুত পরিস্থিতিতে দেশটির রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশ, জেলা ও শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার (কেপি) ডেরা ইসমাইল খান জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। পেশোয়ার, শংলা, বুনের, হাঙ্গু, চিত্রাল, লোয়ার ও আপার দির জেলাতেও এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রশাসনিক বিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধের কথা জানানো হয়। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেরা ইসমাইল খানের ডেপুটি কমিশনার হিকমাতুল্লাহর তরফ থেকে জারিকৃত এই নির্দেশনার আওতায় পুরো জেলায় যেকোনো ধরনের জনসমাবেশ, রাজনৈতিক সভা, শোভাযাত্রা, মিছিল, বিক্ষোভ র‍্যালি ও পদযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কারও আরোহণ (পিলিয়ন রাইডিং) এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন বা বহন করার ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তা সুসংহত রাখতে প্রদেশজুড়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশেই নয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ফেডারেল ও প্রাদেশিক সরকার। গত রোববার করাচিতে ১৪৪ ধারা জারি করা হয়। আগামী ২০ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। একই দিনে রাজধানী ইসলামাবাদে রেড অ্যালার্ট জারির পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হয়। পাশাপাশি শহরজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঞ্জাব প্রদেশে ৬ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এবং বেলুচিস্তানে ৩০ দিনের জন্য সব ধরনের জনসমাবেশ ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাঞ্জাবের রাওয়ালপিন্ডি জেলায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রাদেশিক সরকার। একইসঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আদেশ আমান্যকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা-শহরে ১৪৪ ধারা কেন?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি থাকা, খাইবার পাখতুনখোওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা সোহের আফ্রিদিকে গ্রেপ্তারের জেরে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের কর্মসূচি ঠেকাতে রাজধানী ইসলামাবাদের প্রবেশমুখে কদিন আগেও কনটেইনার বসিয়ে শহরের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে ফেডারেল সরকার।

মূলত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার দেশের অভ্যন্তরে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই ১৪৪ ধারা জারি করে বিরোধী দলগুলোর কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।