logo

এক সপ্তাহে ১২ হাজারের বেশি মানুষকে দেশে ফেরত পাঠাল সৌদি

গালফ নিউজ
এক সপ্তাহে ১২ হাজারের বেশি মানুষকে দেশে ফেরত পাঠাল সৌদি
আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১২ হাজার ৫৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। ছবি: গালফ নিউজ

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজার ৫৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে যৌথ নিরাপত্তা অভিযানে প্রায় ১৪ হাজার ৮০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৫০৪ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে আটক হয়েছেন ৩ হাজার ৭৮৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫০৯ জন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপীয়, ৪৪ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ২৫ জনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই এক সপ্তাহে ১২ হাজার ৫৭ জনকে বহিষ্কার করা হয়েছে। আরও ১৮ হাজার ৬৭৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া ৩ হাজার ৪৮৭ জনকে নিজ দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দেওয়ার অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে।

৩০ হাজারের বেশি প্রবাসী আইনি প্রক্রিয়ায়

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মোট ৩০ হাজার ২৫৭ জন প্রবাসী আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ৫২৯ জন পুরুষ এবং ১ হাজার ৭২৮ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

অভিযোগে ব্যবহৃত যানবাহন এবং অবৈধ ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত সম্পত্তিও জব্দ করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আইন লঙ্ঘনের ঘটনা জানাতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য এলাকায় ৯৯৯ ও ৯৯৬ নম্বরে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।