ব্রিকস ও দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত

এশিয়া পোস্ট নিউজ, কলকাতা
ব্রিকস ও দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি জানান, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। এর পাশাপাশি, আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার জন্য পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠককে অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন মুখপাত্র। তিনি বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের নিয়ম অনুযায়ী, আঞ্চলিক জোটগুলোর প্রধানদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। এর অংশ হিসেবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এ আমন্ত্রণ জানানো হয়।