ইসরায়েলে বিমান বিধ্বস্ত

ইসরায়েলের কাফর কারা এলাকার কাছে একটি ছোট প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) ঘটা এই ঘটনায় গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন আরও একজন।
স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধার কর্তৃপক্ষ জানায়, কাফর কারা অঞ্চলের ৬৫ নম্বর মহাসড়কের পাশে উড্ডয়নরত প্রশিক্ষণ বিমানটি হঠাৎ বিকল হয়ে রাস্তায় আছড়ে পড়ে।
এতে তৎক্ষণাৎ বিমানটিতে আগুন ধরলে দ্রুত মহাসড়কের পাশের বসতবাড়িগুলোর দিকে ছড়িয়ে পড়ে শুরু করে। খবর পেয়ে হাদেরা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার তীব্রতা বিবেচনায় নিরাপত্তা ও জরুরি উদ্ধার তৎপরতা নিরবচ্ছিন্ন রাখতে ওই এলাকায় ব্যস্ততম ৬৫ নম্বর মহাসড়কে পুলিশ সব ধরনের যানবান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) প্যারামেডিক ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে দগ্ধ ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে আশঙ্কামুক্ত তবে মাঝারি গুরুতর অবস্থায় দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার অভিযানের শুরুতেই অগ্নিদগ্ধ বিমানের ভেতরে আরেক ব্যক্তি আটকা পড়ার কথা নিশ্চিত করেছিল উদ্ধারকারী দল। তবে পরে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বিমানের ভেতরে আটকে থাকা সেই ব্যক্তিকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি; ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
