logo

ইসরায়েলি কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন বিশ্বের বৃহত্তম নার্সিং সংগঠনের

রোয়া নিউজ
রোয়া নিউজ
ইসরায়েলি কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন বিশ্বের বৃহত্তম নার্সিং সংগঠনের
ইসরায়েলি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেভাটেক। ছবি: এএফপি

গাজায় বর্বরোচিত গণহত্যার জন্য ইসরায়েলি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেভা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাজ্যের পাঁচ লাখের বেশি নার্সিং কর্মীদের সংগঠন রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন)। বিশ্বের সবচেয়ে বড় এই নার্সিং ইউনিয়ন টেভার ব্রিটিশ শাখার সঙ্গে চুক্তিবদ্ধ ছিল।

আরসিএনের এই সিদ্ধান্তের ফলে নন্ডনে সংগঠনটির সদর দপ্তরে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া মাইগ্রেন ও মাথাব্যথা পরিষেবা বিষয়ক লিডারশিপ সামিটে পৃষ্টপোষকতা করতে পারবে না টেভা ইউকে।

আরসিএনের চেয়ার কারমেল ও'বয়েল ‘নার্সেস ফর প্যালেস্টাইন’কে লেখা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরও পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর টেভা ফার্মাসিউটিক্যালসের এমন কিছু কার্যক্রম চিহ্নিত হয়েছে, যেগুলো আইনি নিষেধাজ্ঞা ও জনসমীক্ষার মুখোমুখি হয়েছিল।

ও'বয়েল বলেন, এসব বিষয় আরসিএন এবং এর প্রকাশনা ও শিক্ষা শাখা আরসিএনআইয়ের মূল্যবোধের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’।

‘নার্সেস ফর প্যালেস্টাইন’ ও ‘ইউকে হেলথকেয়ার পিটিশনসের’ পক্ষ থেকে রয়্যাল কলেজের কাছে চাপ দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগঠন দুটি আরসিএনকে টেভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিল।

‘নার্সেস ফর প্যালেস্টাইন’ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে, ইউকে হেলথকেয়ার পিটিশনস টু রয়্যাল কলেজেস (ইউকেএইচপিআরসি) এটিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে পরিচালিত বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছে।

টেভা জানিয়েছে, তারা আরসিএনের সিদ্ধান্তে ‘হতাশ’। প্রতিষ্ঠানটি যুক্তি দিয়েছে, স্বাস্থ্যসেবা ‘রাজনৈতিকীকরণ’ না হয়ে রোগীকেন্দ্রিক থাকলেই সবচেয়ে ভালোভাবে কাজ করে।