logo

সাংবাদিক নিধিকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী

ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে
সাংবাদিক নিধিকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী
সাংবাদিক নিধি রাজদান ও ওমর আব্দুল্লাহ। ছবি: ওমর আব্দুল্লাহর এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আবারও বিয়ে করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বী সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন এই রাজনীতিক।

নিজের পোস্টে বিয়ের সাজে কনে নিধি রাজদানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ওমর আবদুল্লাহ। নিধি রাজদানকে ট্যাগ করে ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রার সূচনা হলো।’

বিয়ের এক দিন পর অনুসারীদের সঙ্গে এ খবর ভাগ করে নেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন মাস আগে ওমর আবদুল্লাহকে তার স্ত্রী পায়েল আবদুল্লাহর সঙ্গে বিবাহবিচ্ছেদের অনুমতি দেন ভারতের সুপ্রিম কোর্ট। গত ৩১ জুলাই আদালত জানান, উভয় পক্ষ পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদে রাজি হওয়ায় তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর করা হবে।

এর আগে দিল্লি হাইকোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওমর আবদুল্লাহ। শুনানিতে এই দম্পতি ভারতের সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

তাদের পক্ষে আইনজীবী কপিল সিবাল আদালতকে জানান, তারা নিজেদের মধ্যকার মতপার্থক্য মিটিয়ে ফেলতে সম্মত হয়েছেন।

অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্মকর্তা রামনাথের মেয়ে পায়েলের সঙ্গে ওমর আবদুল্লাহর পরিচয় হয় দিল্লির ওবেরয় হোটেলে কাজ করার সময়। পরে ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। এই দম্পতির দুই ছেলে রয়েছে। তাদের নাম জহির ও জামির।

২০০৯ সাল থেকে তারা আলাদা থাকছিলেন। ২০১১ সালে ওমর আবদুল্লাহ তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে জানান।