logo

জাতিসংঘের ওপর আস্থা হারিয়ে গেছে: নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের ওপর আস্থা হারিয়ে গেছে: নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: নূর নিউজ

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন ইরানের শীর্ষ প্রতিনিধি দল। এর মধ্যে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইউএনজিএ অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদেন অনুসারে, নিউইয়র্কে পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, জাতিসংঘের ওপর থেকে তাদের আস্থা হারিয়ে গেছে।

নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বক্তব্যে আরাঘচি বলেন, ‘মাযুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের আমাদের বিরুদ্ধে চালানো কাপুরুষোচিত যুদ্ধ, এর পরবর্তী ঘটনাবলি এবং প্রকৃতপক্ষে কার্যত যুদ্ধাবস্থা বিরাজমান এমন এক পরিস্থিতির মধ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই, আমাদের প্রধান উদ্দেশ্য হলো একটি বড় আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ রক্ষা করা।’

বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার কারণে জাতিসংঘ তার বিশ্বাসযোগ্যতা ও আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেন আরাঘচি। তিনি উল্লেখ করেন, মঙ্গলবার ‘আস্থা পুনরুদ্ধার’ প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হতে যাচ্ছে।

আরাঘচি বলেন, ‘এটি এই সর্বজনীন স্বীকৃতিকেই প্রতিফলিত করে যে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কার্যকরভাবে বজায় রাখতে ব্যর্থতার কারণে সংস্থাটির প্রতি আস্থা ক্ষুণ্ণ হয়েছে বা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘কিছু রাষ্ট্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইন, এমনকি মানবতার সম্মিলিত বিবেককেও অগ্রাহ্য করে দায়মুক্তি নিয়ে কাজ করার অধিকার নিজেদের হাতে তুলে নেয়। তারা নিজেদের এবং তাদের মিত্রদের জন্য দায়মুক্তি দাবি করে।’

আরাঘচির ভাষ্য, ‘ফলস্বরূপ, আমরা দেখতে পাই যে জায়নবাদী শাসনের মতো একটি অপরাধী সত্তাকে তার ইচ্ছামতো যেকোনো কাজ করার অবাধ সুযোগ দেওয়া হচ্ছে। অথচ পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো, যারা নিজেদের মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক বলে দাবি করে, তারা নীরব রয়েছে।’