logo

রাশিয়ায় পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

রাশিয়ায় পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
বিমান বিধ্বস্তের ফাইল ছবি

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে প্রশিক্ষণ চলাকালে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ভারী বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন ক্রু নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরেকজন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মাথায় টিইউ-৯৫এমএস মডেলের কৌশলগত এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবে উড্ডয়ন করা এই বোমারু বিমানে কোনো ধরনের গোলাবারুদ ছিল না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে তীব্র আগুন জ্বলছে এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে বিকট শব্দ শোনা যাচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের তথ্যমতে, বিমানটি কোনো গোলাবারুদ ছাড়াই উড়ছিল। ‘ঘটনার সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে’ মহাকাশ বাহিনীর একটি কমিশন পাঠানো হয়েছে।

রাশিয়ার সামরিক বহরে থাকা বোমারু বিমানটি প্রথম ১৯৫২ সালে উড্ডয়ন করে। তবে ১৯৫৬ সালে এটি সামরিক বাহিনীর ব্যবহারের জন্য পরিষেবায় আনা হয়। বিমানটি এখনো ব্যবহৃত হচ্ছে। রুশ সেনাবাহিনী প্রায়ই নিয়মিত সামরিক মহড়ায় এটি ব্যবহার করে থাকে।

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে এই প্রথম বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নয়। ২০২৫ সালের জুলাইয়ে খারাপ আবহাওয়ার কারণে টিন্ডা শহরে যাওয়ার পথে একটি আন্তোনভ এএন-২৪ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের ৪৮ আরোহীর সবাই নিহত হন। ২০২১ সালের আগস্টে কামচাটকা উপদ্বীপে একটি মিল এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।