logo

উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চাইনিজ হিউম্যানয়েড রোবট

রয়টার্স
উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চাইনিজ হিউম্যানয়েড রোবট
উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চাইনিজ হিউম্যানয়েড রোবট ‘তিয়াংগং আল্ট্রা’। ছবি: সংগৃহীত

বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের প্রাথমিক হিটে জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে চাইনিজ রোবট ‘তিয়াংগং আল্ট্রা’। রোবটটি ১০০ মিটার দৌড় শেষ করতে সময় নিয়েছে মাত্র ৯.৩৯ সেকেন্ড। প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া ‘লাইটনিং’ ৯.৪৭ সেকেন্ডে দৌড় শেষ করে। একই দূরত্বের দৌড়ে উসাইন বোল্ডের রেকর্ড মাত্র ৯.৫৮ সেকেন্ড।

Advertisement

শনিবার (২২ আগস্ট) বেইজিংয়ে শুরু হওয়া দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক ট্রায়াল ইভেন্টে হিউম্যানয়েড রোবটটি এই রেকর্ড গড়ে।

রয়টার্স বলছে, ২০০৯ সালের বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্ট মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পন্ন করে বিশ্বের দ্রুততম মানব হিসেবে রেকর্ড গড়েন। তবে রোবট দুটির মধ্যে ‍উসাইন বোল্টের মতো নিয়ন্ত্রণ বা গতি কমানোর কৌশল ছিল না।

ফিনিশিং লাইনের পর গতি থামানোর জন্য তৈরি পুরু ম্যাটের ওপর তারা সজোরে আছড়ে পড়ে। ‘তিয়াংগং’ টাল সামলাতে না পেরে সাইডলাইনে ছিটকে পড়লে দর্শকরা সরে যেতে বাধ্য হন এবং মাটিতে লুটিয়ে পড়ার পর ‘লাইটনিং’কে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়।

চলতি বছরে হিউম্যানয়েড রোবটের এই অগ্রগতি গত বছরের উদ্বোধনী আসরের তুলনায় প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। গত আসরে ‘তিয়াংগং আলট্রা’ ২১.৫০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে জয়লাভ করেছিল। এ ছাড়া ‘তিয়াংগং’ গত বছর বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনও জিতেছিল।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিযোগিতার আগে প্রস্তুতিমূলক পরীক্ষায় লাইটনিং ৯.৩২ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে এবং এর সর্বোচ্চ গতি ছিল প্রতি সেকেন্ডে ১৪.৫ মিটার। লাইটনিং এ বছরের হিউম্যানয়েড হাফ-ম্যারাথন ৫০ মিনিট ২৬ সেকেন্ডে জয়ী হয়। গেমসের আগে গবেষকরা এর পা ১০ সেমি বাড়িয়ে ১.০৫ মিটার করেন।

চীন হিউম্যানয়েড রোবটকে কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে প্রাধান্য দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও হার্ডওয়্যারের এই অগ্রগতি উৎপাদন, সরবরাহ ব্যবস্থা ও ভোক্তা পর্যায়ে বড় পরিবর্তন আনবে বলে আশা করছেন বিশ্লেষকরা। চলতি সপ্তাহে চীনের বিখ্যাত রোবট নির্মাতা প্রতিষ্ঠান ‘ইউনিট্রি’-র শেয়ার সাংহাই ট্রেডিংয়ে আত্মপ্রকাশের দিনেই পাঁচগুণ বেড়ে গিয়ে বাজারমূল্য প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে আয়োজিত এ বছরের গেমসে ১৬টি দেশের ৬৬৬টি দল থেকে ২ হাজার ৫৬টি রোবট অংশগ্রহণ করছে। ৫১টি ইভেন্টের মধ্যে ফুটবল, নৃত্য ও শিল্পকর্মের প্রতিযোগিতাও রয়েছে।

উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চাইনিজ হিউম্যানয়েড রোবট