জার্মানির ভিসা আবেদনে নতুন সুযোগ, সুবিধা পাবেন যেসব বাংলাদেশি

জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে চালু হবে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (আউসল্যান্ডসপোর্টাল)। নতুন ব্যবস্থায় অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। শিক্ষার্থীদের এ আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে জার্মানি। দেশটির দূতাবাস মনে করে, শিক্ষার্থীদের আন্তর্জাতিক যাতায়াতের ফলে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বাড়বে, যা উভয় দেশের জন্যই ইতিবাচক।
দূতাবাসের তথ্য অনুযায়ী, আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী ও কার্যকর করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় যেসব সুবিধা
>> আবেদনকারীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন।
>> ভিএফএসের (ভিএফএস গ্লোবাল) মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে।
>> অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া দ্রুততর হবে।
>> ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানা যাবে।
>> প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।
দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় আগের তুলনায় কমে আসবে। তবে প্রতিটি আবেদনের ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
আগের আবেদনকারীদের কী হবে
নতুন ব্যবস্থা চালুর অংশ হিসেবে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ, যারা ইতিমধ্যে পুরোনো ব্যবস্থায় নিবন্ধন করেছেন, তাদেরও নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে।
দূতাবাসের মতে, পুরোনো ব্যবস্থায় দীর্ঘদিন অপেক্ষায় থাকা আবেদনকারীদের জন্য পরিবর্তনটি সাময়িক অসুবিধার কারণ হতে পারে। তবে নতুন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে। এতে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।
আবেদন করবেন যেভাবে
জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন।
আবেদনের ওয়েবসাইট: https://digital.diplo.de/
আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা ওই পোর্টাল ও জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

