বয়স্কদের জন্য ডিম কেনার অনুদানে প্রমোদভ্রমণ, অতঃপর জেলে

সিঙ্গাপুরে দাতব্য কাজের আড়ালে নিজের ছুটি কাটানোর খরচ চালানো এবং স্বামীর ব্যবসায় সহায়তার জন্য অর্থ সংগ্রহ করার দায়ে এক নারী দোষী সাব্যস্ত হয়েছেন।
আন্না গোহ লি বিং (৩৯) নামে ওই নারী বিশ্বাসভঙ্গের একটি অভিযোগে দোষ স্বীকার করার পর তাকে দুই সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একটি ফেসবুক গ্রুপে তিনি মিথ্যা দাবি করেছিলেন যে তিনি বৃদ্ধাশ্রম ও প্রবীণদের জন্য ডিম কেনার উদ্দেশ্যে তহবিল সংগ্রহ করছেন। ২০২৩ সালের ৩ অক্টোবর দেওয়া এক পোস্টে তিনি জানান, জালান কায়ুতে অবস্থিত প্রবীণদের একটি আবাসে বিতরণের জন্য প্রতি ট্রে ২ ডলার মূল্যে ডিম কেনার জন্য তিনি অনুদান খুঁজছেন। অনুদানের টাকা যেন সরাসরি জমা হয়, সেজন্য তিনি পোস্টে নিজের নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ যুক্ত করেছিলেন।
এই প্রতারণামূলক পদক্ষেপে ১৩৭ জন ব্যক্তি মোট ১০,১৬৩ ডলারের বেশি অনুদান দেন। গোহ স্বীকার করেছেন যে তিনি ওই অর্থ নিজের ছুটি কাটানো এবং স্বামীর ব্যবসায় সাহায্যের কাজে ব্যয় করেছেন।
নিজের অপকর্ম ঢাকতে গোহ ২০২৩ সালের ৭ নভেম্বর তারিখের একটি জাল ডিজিটাল চিঠি তৈরি করেন, যাতে দেখানো হয়েছিল যে প্রবীণ আবাসটি ৮৫০ ট্রে ডিম পেয়েছে। এরপর তিনি চিঠিটি কয়েকজন দাতাকে পাঠান। তবে সেই ভুয়া চিঠিটি সন্দেহের সৃষ্টি করে। ২০২৩ সালের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকজন দাতা অনলাইনে পুলিশে অভিযোগ দায়ের করেন। পরে বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়ে জানা যায় তারা কোনো ডিম পায়নি।
তদন্ত শুরু হওয়ার পর, গোহ ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে প্রবীণদের সেই আবাসে ৯২২ ডলার মূল্যের ৪,৫০০টি ডিম পৌঁছে দিয়ে আংশিক ক্ষতিপূরণ দেন। এছাড়া তিনি আলাদাভাবে প্রবীণ আবাসটিতে আরও ৩০০ ডলার স্থানান্তর করেন। তবে সংগৃহীত তহবিলের ৮,৯৪০ ডলারেরও বেশি অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি।
-9aabe1.jpg)