বদলে গেল ভারতের একটি রাজ্যের নাম, গেজেট প্রকাশ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে ‘কেরালাম’। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট অনুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
গেজেট অনুযায়ী, ‘কেরালা (নাম পরিবর্তন) আইন, ২০২৬’-এর ধারা ১-এর উপধারা (২)-এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্র সরকার ২৫ আগস্ট থেকে এই আইনের সমস্ত বিধানাবলী কার্যকর ঘোষণা করছে।
চলতি মাসের শুরুর দিকে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কেরালার নাম পরিবর্তনের বিলে অনুমোদন দিলে তা আইনে পরিণত হয়।
এর আগে, গত ১১ আগস্ট ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভায় ‘কেরালা (নাম পরিবর্তন) বিল’ পাস হয়। পরদিন তা উচ্চকক্ষ রাজ্যসভাতেও অনুমোদন লাভ করে।
রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, ২০২৪ সালের জুন মাসে কেরালা বিধানসভা সর্বসম্মতিক্রমে রাজ্যটির নাম পরিবর্তন করে ‘কেরালাম’ রাখারা প্রস্তাব গ্রহণ করে কেন্দ্রের কাছে পাঠিয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় ভাষা মালয়ালমে রাজ্যটির ঐতিহাসিক নাম ‘কেরালাম’। রাজ্য বিধানসভার সর্বসম্মত প্রস্তাবের ভিত্তিতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী ও আনুষঙ্গিক বিধান যুক্ত করে আনুষ্ঠানিকভাবে কেরালা রাজ্যের নাম পরিবর্তন সম্পন্ন হলো।

