logo

দিল্লিতে মোদির সঙ্গে দেখা করলেন দীনেশ ত্রিবেদী, আলোচনায় তারেক রহমানের সফর

বিবিসি বাংলা
বিবিসি বাংলা
দিল্লিতে মোদির সঙ্গে দেখা করলেন দীনেশ ত্রিবেদী, আলোচনায় তারেক রহমানের সফর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: বিবিসি

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দিল্লিতে স্থানীয় সময় বেলা একটায় তাদের মধ্যে বৈঠক হয়।

দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ও দ্বিপাক্ষিক আরও নানা ইস্যু নিয়ে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা পৌঁছে দিতেই তার দিল্লিতে আসা।

এর আগে সোমবার রাতের বিমানে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লিতে এসে পৌঁছান। তবে, তার এই সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর মোদির কার্যালয়ের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত তা এখনো বাস্তবায়িত হয়নি।

প্রসঙ্গত, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়েছে এবং তার নিয়োগ চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রীর অফিস।

এর ফলে দিল্লিতে এলে তিনি সচরাচর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই সরাসরি দেখা করেন, অন্য কেরিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারেও সেই রেওয়াজের কোনো ব্যতিক্রম হয়নি।