বিরল মহাজাগতিক সূর্যগ্রহণ আবার কবে দেখা যাবে

বিবিসি
বিরল মহাজাগতিক সূর্যগ্রহণ আবার কবে দেখা যাবে
স্পেনের নিকটবর্তী আরকোস দে লাস সালিনাসের আকাশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঠিক আগের মুহূর্ত। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ও ইউরোপ প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে নাটকীয় সূর্যগ্রহণ উপভোগ করেছে। প্রজন্মে একবার দেখা যায়—এমন বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন প্রান্তে কোটি কোটি মানুষ জড়ো হন।

Advertisement

যুক্তরাজ্যে এটি ছিল আংশিক সূর্যগ্রহণ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পর গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তখন দেশটির বেশির ভাগ এলাকায় চাঁদ সূর্যের ৯০ শতাংশের বেশি অংশ ঢেকে ফেলে। আর গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের কিছু এলাকায় দেখা যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

রাশিয়ার সাইবেরিয়ার উত্তর প্রান্ত থেকে পূর্ণগ্রাস গ্রহণের পথ শুরু হয়ে আর্কটিক মহাসাগর পেরিয়ে আইসল্যান্ডে পৌঁছায়। এরপর তা দক্ষিণ দিকে অগ্রসর হয়ে স্পেনের ওপর দিয়ে যায়। যুক্তরাজ্যে আংশিক গ্রহণ শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে উত্তর স্কটল্যান্ডে এবং সন্ধ্যা ৬টা ২০ মিনিটের আগে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে।

মেঘমুক্ত আকাশ থাকায় মধ্য ও দক্ষিণ ইংল্যান্ড এবং ওয়েলসে অনেকেই সূর্যের ওপর ধীরে ধীরে চাঁদের ছায়া পড়ার দৃশ্য স্পষ্টভাবে দেখতে পান। উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে আকাশ তুলনামূলক মেঘলা থাকলেও বিভিন্ন দর্শনীয় স্থানে বড় জনসমাগম হয়।

যুক্তরাজ্যে এই সূর্যগ্রহণ ১৯৯৯ সালের পর সবচেয়ে বড় আংশিক সূর্যগ্রহণ। কর্নওয়ালের কিছু এলাকায় সূর্যের প্রায় ৯৫ শতাংশ ঢেকে যায়।

স্পেনের কিছু এলাকায় প্রায় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সূর্য, চাঁদ ও পৃথিবী সরাসরি একই সরলরেখায় চলে আসে। তখন সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। কয়েক মিনিটের জন্য চারপাশ অন্ধকার হয়ে যায় এবং সূর্যের করোনা স্পষ্ট হয়ে ওঠে। পূর্ণগ্রাসের স্থায়িত্ব ছিল দুই মিনিটেরও কম।

সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো আংশিক বা পুরোপুরি ঢেকে দেয়। পৃথিবীর কোনো না কোনো অংশে প্রায় প্রতি ১৮ মাসে একবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেলেও, একটি নির্দিষ্ট স্থান থেকে তা দেখা যায় প্রায় ৪০০ বছরে একবার।

বিজ্ঞানীদের মতে, সূর্য ও চাঁদের আকার ও দূরত্বের এক বিশেষ সামঞ্জস্যের কারণেই পৃথিবী থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা সম্ভব হয়। সূর্য পৃথিবী থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে এবং চাঁদ তার তুলনায় প্রায় ৪০০ গুণ ছোট। আবার সূর্যও চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ দূরে অবস্থান করছে। এ কারণে আকাশে দুটিকে প্রায় একই আকারের দেখা যায়।

২০২৬ থেকে ২০২৮ সালকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য ‘সোনালি সময়’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই তিন বছরে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তিনটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তবে যুক্তরাজ্য থেকে এর কোনোটিই পূর্ণগ্রাস হিসেবে দেখা যাবে না।

যুক্তরাজ্যে পরবর্তী বড় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৭ সালে। দেশটির কিছু এলাকায় তখন সূর্যের প্রায় ৪৫ শতাংশ ঢেকে যেতে পারে। এর চেয়েও বেশি অংশ ঢেকে যাওয়ার দৃশ্য দেখতে দেশটির মানুষকে ২০৮১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে সময় সূর্যের প্রায় ৯৯ শতাংশ ঢেকে যেতে পারে। আর যুক্তরাজ্যে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ২০৯০ সালে।