logo

ইউটিউবে স্বর্ণালংকার-টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর

হিন্দুস্তান টাইমস
হিন্দুস্তান টাইমস
ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে
ইউটিউবে স্বর্ণালংকার-টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর
স্বর্ণালংকার পরে ও সামনে বিপুল অর্থ রেখে ভিডিও করতেন ওই ইউটিউবার দম্পতি। ছবি: ভিডিও থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজকীয় জীবনযাপন, বিপুল পরিমাণ স্বর্ণের গয়নার চাকচিক্য আর নগদ টাকার বান্ডিল প্রদর্শন করে লাখ লাখ অনুসারীর নজর কাড়তেন ভারতের কন্যাকুমারীর এক তরুণ ইউটিউবার। তবে সেই অতি-উৎসাহী অনলাইন প্রদর্শনীয় যে দিনশেষে কাল হয়ে দাঁড়াবে, তা হয়তো তিনি ভাবতেও পারেননি।

ভারতের তামিলনাড়ু রাজ্যের নাগেরকয়েলের কাছে এক রাতে সেই বিপুল সম্পদ নিমেষেই উধাও হয়ে গেছে। ইউটিউবারে জাঁকজমকপূর্ণ জীবনের সুযোগ নিয়ে ফাঁকা বাড়িতে চড়াও হয়ে ১১৮ ভরি স্বর্ণ ও বিপুল পরিমাণ নগদ অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে দুর্বৃত্ত দল।

কন্যাকুমারীর থাম্মাথুকোনাম এলাকার ভিআইপি গার্ডেনে স্ত্রী মধুমিথাকে নিয়ে থাকেন জনপ্রিয় ইউটিউবার বিনোথ কুমার। বেশ কিছুদিন ধরেই তারা তাদের নিত্যদিনের ভিডিও বা ‘ব্লগ’-এ শরীরে ভারী স্বর্ণের অলংকার পরে ও হাতের সামনে নগদ টাকার বান্ডিল সাজিয়ে কনটেন্ট তৈরি করে আসছিলেন।

পুলিশের ধারণা, তাদের সেই বিপুল স্বর্ণ ও সম্পদের খোঁজ পেতে চোরদের কোনো বিশেষ কসরত করতে হয়নি, খোদ ইউটিউব ভিডিওই তাদের সব তথ্য এনে দিয়েছিল হাতের মুঠোয়।

রাজাক্কামঙ্গলম থানার পুলিশ জানায়, এক রাতে ঘরের পেছনের দরজা কৌশলে ভেঙে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি গুঁড়িয়ে সেখানে গচ্ছিত প্রায় এক কেজি ওজনের স্বর্ণ ও ক্যাশ নিয়ে চম্পট দেয়।

ঘটনার খবর পাওয়ার পরপরই এলাকায় গিয়ে তদন্ত জোরদার করেছে রাজাক্কামঙ্গলম থানা-পুলিশ। পুরো এলাকা ঘিরে তৈরি হয়েছে কড়া নজরদারি। চোর চক্রটি কোন পথ দিয়ে প্রবেশ করেছিল এবং পালানোর সময় তারা কোন রুট ব্যবহার করেছে, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

তবে ঘটনার মোড় ভিন্ন দিকে নিয়ে গেছে ইউটিউবার দম্পতির অনলাইন কার্যক্রম। পুলিশ কর্মকর্তা জানান, মামলার মূল তদন্তের একটি বড় অংশজুড়ে এখন খতিয়ে দেখা হচ্ছে এই দম্পতির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো।

ভিডিওতে কি এমন কোনো তথ্য অনিচ্ছাকৃতভাবে উন্মুক্ত হয়ে গিয়েছিল, যার মাধ্যমে অপরাধীরা আলমারির অবস্থান বা নিরাপত্তার ফাঁকফোকর সম্পর্কে জেনে যায়? নাকি অতিরিক্ত প্রদর্শনীর লোভ সামলাতে না পেরে ডাক দলকে নিজেই নিজের ফাঁদে ডেকেছেন এই ইনফ্লুয়েন্সার?