logo

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন প্রণয়নের উদ্যোগ জাতিসংঘে

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন প্রণয়নের উদ্যোগ জাতিসংঘে
যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় অস্ত্রের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগের মধ্যে এসব অস্ত্রের ওপর আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক বিধিনিষেধ আরোপের বিষয়ে আলোচনায় বসছে জাতিসংঘ। ছবি: এএফপি

যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় অস্ত্রের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগের মধ্যে এসব অস্ত্রের ওপর আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক বিধিনিষেধ আরোপের বিষয়ে আলোচনায় বসছেন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ বিতর্কে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক উদ্যোগের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে।

সমালোচকদের কাছে এসব অস্ত্র ‘কিলার রোবট’ বা প্রাণঘাতী রোবট নামে পরিচিত। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সামরিক বাহিনীতে স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার ও সক্ষমতা বাড়ছে।

এআই প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু দ্রুত শনাক্ত করা এবং নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা অর্জনের চেষ্টা করছে বিভিন্ন দেশের সামরিক বাহিনী। এতে যুদ্ধের প্রচলিত কৌশল ও ধরনেও পরিবর্তন আসছে। তবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্রের হাতে মানুষের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পোপ চতুর্দশ লিওসহ অনেকে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) অস্ত্র ও যুদ্ধ পরিচালনা ইউনিটের প্রধান লরাঁ জিসেল মনে করেন, এআই প্রযুক্তির অগ্রগতির কারণে স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।

ইউক্রেন যুদ্ধে স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার এ উদ্বেগ আরও বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে প্রাণঘাতী সক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রোন ব্যবহার করেছে। অন্যদিকে, ইউক্রেনও নিজস্ব প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে স্বয়ংক্রিয় ড্রোনের ঝাঁক তৈরির উদ্যোগ নিয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে বলেছে, চলতি সপ্তাহে জেনেভায় প্রচলিত অস্ত্রবিষয়ক জাতিসংঘ কনভেনশনের (সিসিডব্লিউ) পর্যালোচনা সম্মেলনে কার্যকর কোনো সিদ্ধান্ত না এলে বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি হতে পারে।

সম্মেলনে ১২৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক বিধিমালা তৈরির আনুষ্ঠানিক আলোচনা শুরু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কঠোর নিয়ন্ত্রণে আপত্তি শক্তিধর দেশগুলোর

স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পক্ষে অনেক দেশ অবস্থান নিলেও সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকা শক্তিধর রাষ্ট্রগুলোর অনাগ্রহ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক অস্ত্রসহ উন্নত সামরিক প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের সক্ষমতা সীমিত করতে সাধারণত আগ্রহী নয় এসব দেশ।

গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নের বিষয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এতে ১৬৩টি দেশ সমর্থন জানায়।

তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, বেলারুশ, ইসরায়েল ও উত্তর কোরিয়া প্রস্তাবের বিরোধিতা করে ভোট দেয়। এর মধ্যে উত্তর কোরিয়া গত সপ্তাহে এআই প্রযুক্তিনির্ভর নতুন একটি টর্পেডো ব্যবস্থা তৈরির ঘোষণাও দিয়েছে। অন্যদিকে, চীন, ইরান ও সৌদি আরবসহ নয়টি দেশ ভোটদানে বিরত ছিল।

ফ্রান্সের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের গবেষক লর দ্য রুসি-রশগন্দের মতে, এ বিষয়ে চীন অত্যন্ত সতর্কতার সঙ্গে অস্পষ্ট অবস্থান বজায় রাখছে।

যুক্তরাষ্ট্র পাঁচ বছর মেয়াদি একটি প্রক্রিয়ার মাধ্যমে আইনগতভাবে বাধ্যতামূলক নয়; এমন একটি আন্তর্জাতিক দলিল তৈরির প্রস্তাব দিয়েছে। বিপরীতে, বিভিন্ন বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি এক বছরের মধ্যেই এ বিষয়ে আলোচনা শেষ করার পক্ষে অবস্থান নিয়েছে।

এর আগে ২০২৩ সালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ এগার বিশ্বের দেশগুলোর প্রতি ২০২৬ সালের আগেই স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

আইসিআরসি বিশেষভাবে দুই ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। প্রথমত, যেসব অস্ত্রের আচরণ ও কার্যক্রম আগে থেকে অনুমান করা সম্ভব নয়। দ্বিতীয়ত, যেসব অস্ত্র সরাসরি মানুষকে লক্ষ্যবস্তু করার জন্য তৈরি বা ব্যবহার করা হয়।

তবে সামরিক ক্ষেত্রে প্রভাবশালী দেশগুলোর বিরোধিতার কারণে চলতি সপ্তাহের সম্মেলনে আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নের আলোচনা শুরুর বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা কঠিন হতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকেরা।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট