বিজ্ঞাপনে মিথ্যা দাবি, নেসলে-পেপসিসহ ভারতে শাস্তির মুখে ১৫০ প্রতিষ্ঠান

বিজ্ঞাপনে বিভ্রান্তিকর তথ্য প্রদান, মিথ্যা দাবি এবং পণ্যের লেবেলিংয়ের বিধি লঙ্ঘনের অভিযোগে ভারতে শাস্তির মুখে পড়েছে নেসলে, পেপসিকো ও কোকা-কোলার মতো শীর্ষস্থানীয় ১৫০টির বেশি প্রতিষ্ঠান। ইতিমধ্যে এসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)।
শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, বাজারে প্রচলিত বিভিন্ন খাদ্যপণ্যের মান নিশ্চিতকরণ এবং আইন ভঙ্গের কারণে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন খাদ্য ব্যবসা পরিচালনাকারী (এফবিও) প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এফএসএসএআইয়ের প্রকাশিত তালিকায় অভিযুক্ত শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে নেসলে ইন্ডিয়া, পেপসিকো, অ্যাবট ইন্ডিয়া লিমিটেড, রেড বুল ইন্ডিয়া, ড্যানোন ইন্ডিয়া, মনস্টার এনার্জি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, হেল এনার্জি প্রাইভেট লিমিটেড, মন্ডলিজ ইন্ডিয়া, কোকা-কোলা ইন্ডিয়া, ডিয়াজিও, পেরনড রিকার্ড, ফেরেরো ইন্ডিয়া এবং কেনভিউ ইনকরপোরেটেড।
বিধি লঙ্ঘনের গুরুত্ব বিবেচনা করে দেশটির খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি ইতোমধ্যে একাধিক কোম্পানির নির্দিষ্ট কিছু পণ্য বাজেয়াপ্ত করেছে। বিশেষ করে এনার্জি ড্রিংকস ও অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ছাড়াও ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ও ফ্লিপকার্টকে নিয়ম অমান্যের কারণে মোট ১২টি নোটিশ পাঠানো হয়েছে।
অনিয়মের দায়ে আমাজনের একটি গুদামের লাইসেন্সও বাতিল করেছে ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি। একই অভিযানে কেএফসি, ম্যাকডোনাল্ডস, পিজ্জা হাট, ডমিনোস এবং কস্তা কফির মতো প্রখ্যাত খাদ্য পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে ৩০টিরও বেশি নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ডমিনো'স-এর পাঁচটি লাইসেন্স স্থগিত করা হয়েছে।
এফএসএসএআই জানিয়েছে, নোটিশ জারির পর অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। খাদ্য সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখার জন্য নিয়ন্ত্রক মানদণ্ডগুলো অবশ্যই কঠোরভাবে মেনে চলতে হবে।

