logo

রোমানিয়ার উপকূলে দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা

রোমানিয়ার উপকূলে দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা
কৃষ্ণসাগরে রোমানিয়ার দানিউব নদীর মোহনার কাছে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। ছবি: আনাদোলু এজেন্সি

কৃষ্ণসাগরে রোমানিয়ার দানিউব নদীর মোহনার কাছে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার গভীর রাতে (১৪ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। এতে উভয় জাহাজে আগুন ধরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিউজ.আরও-এর এক প্রতিবেদনে মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে রোমানিয়ার সুলিনা বন্দরের চার নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণ-পূর্বে গ্রিসের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘এভিয়া পেট্রল ভি’-তে একটি ড্রোন আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

এর প্রায় ৩৫ মিনিট পর, রাত ৯টা ৪৫ মিনিটে সুলিনা খালের পাঁচ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ‘মারসোল’ নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজেও ড্রোন আঘাত হানে। এতে দ্বিতীয় জাহাজটিতেও আগুনের সূত্রপাত হয়।

তবে উভয় জাহাজের নাবিক ও ক্রুরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

রোমানিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় সামরিক রাডার ব্যবস্থায় স্নেক আইল্যান্ডের পূর্ব দিকে একটি আকাশযানের উপস্থিতি শনাক্ত করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটির ফেতেস্তি এলাকার ৮৬তম বিমানঘাঁটি থেকে দুটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো হয়।

ন্যাটো সদস্য রোমানিয়া ইউক্রেনের প্রতিবেশী দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটির সীমান্তবর্তী আকাশসীমার কাছে বিভিন্ন ধরনের আকাশপথের হুমকি শনাক্ত হওয়ায় একাধিকবার যুদ্ধবিমান মোতায়েন এবং জনসাধারণের জন্য সতর্কতা জারি করেছে বুখারেস্ট।

কৃষ্ণসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজের ওপর সর্বশেষ এই হামলা ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট