শুভেন্দুকে নিয়ে মাঝ আকাশে বিপাকে হেলিকপ্টার, জরুরি অবতরণ

হিন্দুস্তান টাইমস
শুভেন্দুকে নিয়ে মাঝ আকাশে বিপাকে হেলিকপ্টার, জরুরি অবতরণ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বহনকারী একটি হেলিকপ্টার প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজ্যের পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উদ্দেশে রওনা হওয়ার পর কোলাঘাটে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করানো হয়।

Advertisement

জানা গেছে, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের পাশে কোলাঘাট বলাকা মঞ্চের ফুটবল মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এদিন কলকাতার দমদম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রওনা হন শুভেন্দু। এরপর প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি কোলাঘাটে জরুরি অবতরণ করানো হয়।

বেলা ১১টা ২১ মিনিটে কোলাঘাটের ওই মাঠ থেকে সড়কপথে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু। পরে দুপুর ১২টা ৪১ মিনিটে হেলিকপ্টারটি কোলাঘাট থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়।

কেশপুরে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে শুভেন্দুর। কেশপুর ছাড়াও এদিন তার বাঁকুড়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অধীনে থাকা সাত জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

শুভেন্দুকে নিয়ে মাঝ আকাশে বিপাকে হেলিকপ্টার, জরুরি অবতরণ