এয়ার বেলুন থেকে থেকে ঝাঁপ দিয়ে বিশ্বরেকর্ড রুশ স্কাইডাইভারের

আন্তর্জাতিক যুব উৎসবের প্রচারণার অংশ হিসেবে হট এয়ার বেলুন থেকে ১১ হাজার ৫৫১ মিটার উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন রুশ স্কাইডাইভার সের্গেই বয়তসভ।
রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’ বা আন্তর্জাতিক যুব উৎসবকে সামনে রেখে এই ঝুঁকিপূর্ণ স্টান্ট করেন তিনি।
রোববার (২৩ আগস্ট) উৎসবের আয়োজক ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার জাতীয় পতাকা দিবসের (২২ আগস্ট) প্রাক্কালে সের্গেই বয়তসভ হট এয়ার বেলুন থেকে ১১ হাজার ৫৫১ মিটার উচ্চতায় ঝাঁপ দেন। রুশ প্রতিষ্ঠান ‘ক্রিয়েটেড বাই হেভেন্স’-এর ‘স্ট্র্যাটান জাম্প ১২-১২’ প্রকল্পের আওতায় এই রেকর্ড গড়া হয়।
ঝাঁপ দেওয়ার পর ঘণ্টায় ৫০০ কিলোমিটারের বেশি গতিতে নিচে নামতে থাকেন সের্গেই। ভূপৃষ্ঠ থেকে ১ হাজার ৫৬৫ মিটার ওপরে থাকতেই তিনি সফলভাবে প্যারাসুট খুলে ফেলেন।
এরপর ৭ মিনিট ১৯ সেকেন্ডের ফ্লাইট শেষে রাশিয়ার আলতাই অঞ্চলের উস্ত-কালমানকা জেলায় নিরাপদে অবতরণ করেন তিনি।
এই ঝাঁপের মধ্য দিয়ে আগের বিশ্বরেকর্ড ভেঙেছেন সের্গেই। এর আগে পোল্যান্ডের ক্রীড়াবিদরা ১০ হাজার ৬০ মিটার উচ্চতা থেকে ঝাঁপ দেওয়ার রেকর্ড করেছিলেন।
সের্গেইয়ের ঝাঁপের আগে বেলুনটি সর্বোচ্চ ১১ হাজার ৬১০ মিটার উচ্চতায় পৌঁছায়। এর মধ্য দিয়ে বেলুনের সর্বোচ্চ উচ্চতায় ওঠার ক্ষেত্রেও নতুন রুশ জাতীয় রেকর্ড তৈরি হয়েছে।
এর আগে এই রেকর্ড ছিল ১০ হাজার ৬৭৮ মিটার। ২০২৫ সালে রাশিয়ার আলতাই অঞ্চলে এই উচ্চতায় বেলুন নিয়ে উঠেছিলেন রুশ অভিযাত্রী ফিয়োদর কোনিউখভ ও ইভান মেনিয়াইলো।
এবারের রেকর্ড অভিযানে বেলুনের পাইলট ছিলেন রাশিয়ার বেলুন ফেডারেশনের সভাপতি ইভান মেনিয়াইলো। মস্কো অঞ্চলের ক্লিন শহর থেকে বেলুনটি উড়িয়ে নির্ধারিত উচ্চতায় নিয়ে যান তিনি। পরে সেখান থেকেই ঝাঁপ দেন সের্গেই বয়তসভ।

