logo

যুক্তরাষ্ট্রে আইনি চাপে ফেসবুক-টিকটক, ১০ কোটি ডলারে টিকটকের সমঝোতা

যুক্তরাষ্ট্রে আইনি চাপে ফেসবুক-টিকটক, ১০ কোটি ডলারে টিকটকের সমঝোতা
শিশুরা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং অ্যাপযুক্ত একটি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ছবি: গেটি ইমেজেস

ব্যবহারকারীর নিরাপত্তা, গোপনীয়তা ও শিশু-কিশোরদের সুরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রে আইনি চাপে পড়েছে প্রযুক্তি জায়ান্ট ফেসবুক ও টিকটক। একই দিনে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুটি আলাদা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

শুক্রবার নিউ মেক্সিকোর একটি জুরি ফেসবুককে রাজ্যের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য দায়ী করেছে। অন্যদিকে, আলাবামায় বিচার শুরুর কয়েক দিন আগে মামলা নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে টিকটক ও এর চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স।

নিউ মেক্সিকোর মামলার মূল বিষয় ছিল ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি। অভিযোগ অনুযায়ী, একটি ব্যক্তিত্ব বিশ্লেষণভিত্তিক কুইজের মাধ্যমে প্রায় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হয়েছিল। পরে এসব তথ্য রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে দেওয়া হয় এবং লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপনে ব্যবহার করা হয়।

ক্যামব্রিজ অ্যানালিটিকা ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় ওই তথ্য ব্যবহার করেছিল বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি ব্রেক্সিটপন্থি একটি গোষ্ঠীর সঙ্গেও কাজ করার পরিকল্পনা করেছিল।

নিউ মেক্সিকোর জুরি মনে করেছে, কেলেঙ্কারি প্রকাশের পর তৃতীয় পক্ষের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের বিষয়ে ফেসবুক জনগণকে বিভ্রান্ত করেছিল। জুরি আরও বলেছে, নিউ মেক্সিকোর ২০ লাখের বেশি মানুষের তথ্য সুরক্ষা নিয়ে প্রতিষ্ঠানটির কিছু বক্তব্য বিভ্রান্তিকর ছিল।

রাজ্যটির বিচার বিভাগ এই রায়কে ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, এর মাধ্যমে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা হয়েছে।

তবে মেটার মুখপাত্র অ্যালেক্স বার্গোস রায়ের সঙ্গে দ্বিমত জানিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক ইমেইলে তিনি বলেন, কোম্পানি রায়টির সঙ্গে একমত নয় এবং তাদের রেকর্ডকে ‘বিকৃত’ করার প্রচেষ্টার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।

এর আগে আগস্টে শিশুদের নিরাপত্তা নিয়ে করা একটি মামলায় মেটা ১ হাজার ৮০০ কোটি ডলারে সমঝোতায় রাজি হয়েছিল। ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি নিয়ে অঙ্গরাজ্য পর্যায়ে মামলা করা একমাত্র রাজ্য নিউ মেক্সিকো।

টিকটকের বিরুদ্ধে শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে অভিযোগ

আলাবামার মামলায় টিকটকের বিরুদ্ধে অভিযোগ ছিল, প্ল্যাটফর্মটির অ্যালগরিদম তরুণ ব্যবহারকারীদের কাছে ক্রমাগত সহিংস ও অনুপযুক্ত কনটেন্ট তুলে ধরছে। রাজ্যটির দাবি, এর ফলে কিশোরদের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকট বাড়ছে এবং এ ধরনের কারণে জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার ঘটনাও বেড়েছে।

এ ছাড়া কিশোরদের জন্য অ্যাপটি নিরাপদ—এমন ধারণা তৈরি করতে টিকটক অনুপযুক্ত কনটেন্টে প্রবেশাধিকার সীমিত করার বিষয়ে বিভ্রান্তিকর দাবি করেছে বলেও অভিযোগ করা হয়।

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের হাতে যাওয়ার সুযোগ নিয়ে টিকটক জনগণকে বিভ্রান্ত করেছে—এমন অভিযোগও আনা হয়েছিল।

আলাবামার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, সমঝোতা অনুযায়ী রাজ্যটি ৪৫ দিনের মধ্যে অন্তত ১০ কোটি ডলার পাবে। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে অর্থের পরিমাণ সর্বোচ্চ ৩০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে।

সমঝোতার আওতায় টিকটক দৈনিক দুই ঘণ্টার ব্যবহারের সীমা চালু করা, ১৫ মিনিট ব্যবহারের পর বিরতির জন্য ব্যবহারকারীদের উৎসাহিত করা এবং বয়স যাচাইয়ের ব্যবস্থা উন্নত করতে সম্মত হয়েছে।

আরও বহু অঙ্গরাজ্যে মামলা

টিকটকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে আরও অন্তত ২৭টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি মামলা করেছে।

এর আগে শিশুদের গোপনীয়তা সুরক্ষা-সংক্রান্ত ফেডারেল আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছেছিল টিকটক।

ফেসবুক ও টিকটকের বিরুদ্ধে চলমান এসব মামলা যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীর তথ্য, শিশু-কিশোরদের নিরাপত্তা এবং প্ল্যাটফর্মগুলোর নকশা ও অ্যালগরিদমের দায়বদ্ধতা নিয়ে চলমান আইনি বিতর্ককে আরও জোরালো করেছে।