logo

নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
নাইজেরিয়ার বায়েলসা রাজ্যে অন্ত্যেষ্টিক্রিয়ায় যাত্রীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর, উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে একজনকে নিয়ে যাচ্ছেন। ছবি: এপি

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, শুক্রবার (২১ নভেম্বর) দেশটির বায়েলসা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

তিনি বলেন, একটি সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ে দাফন অনুষ্ঠানে যোগ দিতে যাত্রীদের নিয়ে যাচ্ছিল নৌকাটি। পথে শুক্রবার সেটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চলছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, দুর্ঘটনার পর আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা নেওয়া হয়েছে।

নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

পুলিশের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটিতে সমস্যা দেখা দিয়েছিল। মোহাম্মদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি বুঝতে পেরে যাত্রীরা নৌকার চালককে তীরের দিকে নেওয়ার অনুরোধ করেন। তবে চালক সেই অনুরোধ উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে। পরে নৌকাটি ডুবে গেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

দুর্ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌযান পরিচালনাকারী ও যাত্রীদের নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

রাজ্যের তথ্যবিষয়ক কমিশনার এবিউওউ কোকু-ওবিয়াই শনিবার এক বিবৃতিতে বলেন, অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত গতি, বেপরোয়া নৌযান চালানো এবং লাইফ জ্যাকেট ছাড়া যাত্রা বন্ধ করতে হবে। কোনো যাত্রাই মানুষের জীবনের চেয়ে মূল্যবান নয়।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট