logo

অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ১৭

এশিয়া পোস্ট নিউজ, কলকাতা
অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ১৭
পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কথিত বাংলাদেশিদের হোল্ডিং সেন্টারে নেওয়া হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের দুই জেলা থেকে অন্তত ১৭ জন কথিত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ২ নারী ও ৩ শিশুসহ ১০ জন এবং মুর্শিদাবাদের রাণীনগর সীমান্ত এলাকা থেকে সাতজন পুরুষকে আটক করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীর গাজীর মোড় এলাকার ইয়াকুব নামে এক ব্যক্তির বাড়িতে কথিত অনুপ্রবেশকারীরা আশ্রয় নিয়েছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বাড়িটি থেকে আটক ১০ জন কথিত বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে ভাঙাড়ির ব্যবসা করছিলেন। সম্প্রতি বেঙ্গালুরুতে অবৈধ অভিবাসীবিরোধী অভিযান শুরু হলে তারা স্থান পরিবর্তন করে পরিচিত ইয়াকুবের বাড়িতে আশ্রয় নেন। গ্রেপ্তারদের বর্তমানে লক্ষ্মীকান্তপুর হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

অন্যদিকে, মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাণীনগর থানার কাহারপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় কথিত আরও সাত বাংলাদেশিকে আটক করে পুলিশ। তারা সবাই বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকার বাসিন্দা বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

পুলিশের দাবি তারা জানান, রাজমিস্ত্রির কাজ করতে মুর্শিদাবাদ সীমান্ত হয়ে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে তারা অনুপ্রবেশ করেছিলেন। তবে ভারতীয় সীমান্তে পার করে দেওয়ার পর দালাল চম্পট দিলে তারা বিপাকে পড়েন। গ্রেপ্তার এই সাতজনকে লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ১৭