চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি ট্রাম্পের

চলমান সংঘাতের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটিকে ‘উড়িয়ে দিতে’ হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তার সামনে দুটি পথ খোলা আছে। হয় চুক্তি হবে, নয়তো ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ পথ বেছে নিতে হবে। এ বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলেও দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, হয় তাদের (ইরান) উড়িয়ে দেব, নয়তো একটি সমঝোতায় আসব। কিন্তু সেই সময় আসছে। যেভাবেই হোক, খুব শিগগিরই এর অবসান ঘটবে।’
যেসব ইরানি কর্মকর্তাকে তিনি ‘পাগল’ বলে আখ্যা দিয়েছিলেন, তাদের সঙ্গে কীভাবে আলোচনা করার পরিকল্পনা করছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হয়তো তাদের উড়িয়ে দেবেন।’
মাত্র কয়েক দিন আগেই ট্রাম্প প্রকাশ্যে ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে বুধবার ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, প্রস্তাবটি বাস্তবায়নের সময়সীমা নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-কে সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে মার্কিন প্রতিক্রিয়া তুলে ধরেছেন।
পেজেশকিয়ান বলেন, ‘আমরা চুক্তিটি বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব ও ইরানি জনগণের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াব। চুক্তিটি এখন অবশ্যই উভয় পক্ষের জন্য লাভজনক একটি কৌশলের ওপর ভিত্তি করে হতে হবে।’
