যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ প্রত্যাহার, বাতিল ৫ হাজার ফ্লাইট

টেলিযোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শুক্রবার (১৩ নভেম্বর) কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার কিছু পর (বাংলাদেশ সময় শনিবার, ১৪ নভেম্বর সকাল ৭টার কিছু পর) এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি। তবে স্থগিতাদেশ প্রত্যাহার হলেও ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার টেলিযোগাযোগে ত্রুটি দেখা দিলে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশজুড়ে ফ্লাইট চলাচলে স্থগিতাদেশ জারি করে এফএএ। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি ঘটনাটিকে ‘যোগাযোগগত সমস্যা’ হিসেবে বর্ণনা করেন।
এফএএর নির্দেশনার ফলে দেশটির বিভিন্ন বিমানবন্দরে উড্ডয়নের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোকে মাটিতে রাখার নির্দেশ দেওয়া হয়। তবে আকাশে থাকা উড়োজাহাজগুলোকে তাৎক্ষণিকভাবে অবতরণের নির্দেশ দেওয়া হয়নি। পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক ফ্লাইটগুলো পরিচালনার ক্ষেত্রেও পৃথক ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়। কিছু উড়োজাহাজকে বিকল্প বিমানবন্দরে অবতরণ করানো হয়, আবার কিছু উড়োজাহাজকে যাত্রা শুরুর বিমানবন্দরে ফিরিয়ে নেওয়া হয়।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, অন্তত ৮২৭টি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো অথবা আগের বিমানবন্দরে ফিরিয়ে নেওয়া হয়। এর মধ্যে ৬৭০টি ফ্লাইটকে যাত্রা শুরুর বিমানবন্দরে ফিরিয়ে দেওয়া হয় এবং ১৫৭টি ফ্লাইটকে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়। এ ছাড়া শুক্রবার রাত পর্যন্ত প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিলের খবর পাওয়া যায়।
এ সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক যাত্রীর ভ্রমণের কথা ছিল। ফলে স্থগিতাদেশ প্রত্যাহারের পরও ফ্লাইটের সময়সূচি, উড়োজাহাজ ও ক্রু ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়। এতে বিমান চলাচল স্বাভাবিক হতে বাড়তি সময় লাগার আশঙ্কা দেখা দেয়।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন বলেন, এ ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েনি।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আবারও বিষয়টি স্পষ্ট করতে চাই; এই পুরো প্রক্রিয়ায় সাধারণ মানুষ কোনোভাবেই বিপদের মুখে পড়েনি।’
তিনি আরও বলেন, ‘কোনো ফ্লাইট ঝুঁকির মধ্যে ছিল না। এফএএ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে। সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবেই আমরা এ পদক্ষেপ নিয়েছিলাম।’
অন্যদিকে, পরিবহনমন্ত্রী শন ডাফি ঘটনাটিকে ‘জরুরি পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে বিমান চলাচল নিয়ন্ত্রণ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশজুড়ে ফ্লাইট চলাচলে স্থগিতাদেশ দেওয়া হয়।
প্রাথমিকভাবে পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার সঙ্গে নতুন প্রযুক্তির সমন্বয় এবং যোগাযোগ অবকাঠামোর সমস্যাকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এ বিপর্যয় ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্তের প্রয়োজন রয়েছে।
এদিকে, এফএএর স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল পুনরায় স্বাভাবিক করার পথ তৈরি হয়েছে। তবে স্থগিতাদেশের কারণে সৃষ্ট ফ্লাইট বিপর্যয়ের পূর্ণাঙ্গ প্রভাব এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে শুধু ফ্লাইট চলাচলের অনুমতি ফিরিয়ে দিলেই সবকিছু স্বাভাবিক হয় না। উড়োজাহাজ ও ক্রুদের অবস্থান পুনর্নির্ধারণ, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের পুনরায় আসন বরাদ্দ এবং বিমানবন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে সময় লাগে। ফলে স্থগিতাদেশ প্রত্যাহারের পরও যাত্রীদের বিলম্ব ও ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এবিসি নিউজ ও দ্য ওয়াশিংটন পোস্ট।


